‘ছারছীনা সিলসিলা বাতিলদের সঙ্গে কখনও আপস করে না’

আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০২৫, ০৫:২৮ পিএম

আমিরে হিযবুল্লাহ ছারছীনা শরীফের পীর ছাহেব আলহাজ হযরত মাওলানা মুফতি শাহ্ আবু নছর নেছারুদ্দীন আহমাদ হুসাইন বলেছেন, উপমহাদেশে ইসলামের সুমহান আলো যারা প্রচার ও প্রসার করেছেন তাদের মধ্যে ফুরফুরা ও ছারছীনা সিলসিলা প্রখ্যাত। এই সিলসিলার ধারক-বাহকগণ মানুষদেরকে ইসলামী তাহজীব-তামাদ্দুন, কৃষ্টি-কালচার, আমল-আখলাক, হালাল-হারামসহ ধর্মীয় অন্যান্য সামাজিক, আর্থিক ইত্যাদি বিভিন্ন বিষয়ে সঠিক শিক্ষা দিয়ে ইসলামের আলোয় আলোকিত করছেন। আজও উপমহাদেশজুড়ে তাদের খেদমতের ধারাবাহিকতা চলমান রয়েছে। এদেশে ছারছীনা সিলসিলা পূর্ব থেকে যেভাবে কুরআন-সুন্নাহ, ইজমা-কিয়াস, আহলুস সুন্নাহ ওয়াল জামায়াতের আক্বীদাসমূহ আমল করা ও প্রচার-প্রসারের লক্ষ্যে কাজ করতো আজও তাহার ধারাবাহিকতা রক্ষা করে চলছে। সামান্য চুল পরিমাণ এর থেকে বিচ্যুতি হয়নি, ভবিষ্যতেও হবে না।

শুক্রবার ছারছীনা দরবার শরীফের মরহুম পীর ছাহেব কেবলাদের ঈছালে ছওয়াব মাহফিলের শেষ দিন আখেরী মুনাজাতের পূর্ব আলোচনায় হযরত পীর ছাহেব কেবলা আগত মেহমানদের উদ্দেশ্যে তিনি একথা বলেন।

হযরত পীর ছাহেব কেবলা আগতদের উদ্দেশ্যে করে বলেন, আমরা আমাদের পূর্ব পুরুষদের পথ ও মতের ওপর অটল আছি এবং থাকব। মনে রাখবেন এদেশে ইসলামের খেদমতে ছারছীনা দরবার শরীফের অসংখ্য অগণিত অবদান রয়েছে। এ দরবারের পূর্ববর্তী অভিভাবকগণ কখনো আদর্শ ও আক্বীদাকে বিসর্জন দিয়ে আপস করেনি এবং বাতিলদের সঙ্গে মাথানত করেনি। আমরাও তাদের আদর্শ ও আক্বীদার পাহারাদার হিসেবে বাতিলদের সঙ্গে কখনও আপস করব না। ইসলামের প্রয়োজনে আমরা বিভিন্ন সময়ে বিভিন্ন দাবি আদায়ের জন্য রাজপথে শান্তিপূর্ণভাবে ছিলাম, আছি ও থাকব।

এর আগে মাহফিলের শেষ দিন সকাল ১০টায় বাংলাদেশ ছাত্র হিযবুল্লাহর সম্মেলন অনুষ্ঠিত হয়। মাওলানা মো. মোহেব্বুল্লাহের পরিচালনায় ও কেন্দ্রীয় সভাপতি মাওলানা মো. শামসুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্টা বাংলাদেশ জমইয়াতে হিযবুল্লাহর সিনিয়র নায়েবে আমির আলহাজ হযরত মাওলানা মুফতি হাফেজ শাহ্ আবু বকর মোহাম্মদ ছালেহ নেছারুল্লাহ।

একইদিন বাদ জোহর বাংলাদেশ যুব হিযবুল্লাহর মহাসম্মেলন অনুষ্ঠিত হয়। মাওলানা মো. এনায়েতুল্লাহ ফয়রাভী ও অধ্যক্ষ মো. আবু বকর সিদ্দিকের পরিচালনায় ও কেন্দ্রীয় সভাপতি মাওলানা মো. মফিজ উদ্দিন জিহাদীর সভাপতিত্বে সম্পন্ন হয়। এতে উপস্থিত ছিলেন দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে হাজার হাজার যুবক অংশগ্রহণ করেন।

মাহফিলে গুরুত্বপূর্ণ আলোচনা করেন বাংলাদেশ জমইয়াতে হিযবুল্লাহর সিনিয়র নায়েবে আমির আলহাজ হযরত মাওলানা মুফতি হাফেজ শাহ্ আবু বকর মোহাম্মদ ছালেহ নেছারুল্লাহ, বাংলাদেশ জমইয়াতে হিযবুল্লাহর নায়েবে আমির আলহাজ হযরত মাওলানা মির্জা মো. নূরুর রহমান বেগ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের অধ্যাপক ড. হাফেজ মাওলানা মো. রুহুল আমিন, ছারছীনা আলিয়া মাদরাসার মুফাসসির মাওলানা আ জ ম অহিদুল আলম প্রমুখ।

বাদ এশা কুরআন তেলাওয়াত, হামদ-না’ত, মর্ছিয়া, ক্বাসিদা, তাওয়াল্লুদ, মীলাদ-ক্বিয়াম শেষে হযরত পীর ছাহেব কেবলা রাত আড়াইটায় মুনাজাত পরিচালনা করেন। প্রায় ৪০ মিনিট এ মুনাজাত চলতে থাকে। এ সময় আগত মেহমানদের আমীন আমীন ক্রন্দনের ধ্বনিতে সমস্ত আকাশ-বাতাস মুখরিত হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত