বান্দরবানের লামা থেকে ৭ শ্রমিককে অপহরণ করা হয়েছে। রবিবার (২ ফেব্রুয়ারি) ভোরে উপজেলার সরই ইউনিয়নের লুলাইন এলাকার একটি খামারবাড়ি থেকে তাদের অপহরণ করা হয়। নেটওয়ার্ক বিহীন দুর্গম এলাকা হওয়ার কারণে অপহৃত শ্রমিকদের নাম-ঠিকানা এখনো পাওয়া যায়নি।
সরই ইউপি চেয়ারম্যান মো. ইদ্রিস বলেন, লুলাইন এলাকা থেকে কে বা কারা শ্রমিকদের অপহরণ করে নিয়ে যায়। তারা সেখানে কাজ করেন। তবে তারা লামার স্থানীয় কেউ না। চট্টগ্রামের লোহাগাড়া ও আমিরাবাদ এলাকার বাসিন্দা হতে পারে।
স্থানীয় সূত্রে জানা যায়, কাঠ ব্যবসায়ী মো. হেলালের তত্ত্বাবধানে জ্বালানি কাঠ সংগ্রহ করছেন শ্রমিকরা। এসময় তারা অপহরণের শিকার হন। সাত শ্রমিকের কাছে ৮ লাখ টাকা মুক্তিপণ চাওয়া হয়েছে। বিষয়টি পুলিশকে জানায় স্থানীয়রা।
লামা থানার ওসি মো. শাহাদাত হোসেন বলেন, অপহৃতদের উদ্ধারে সেনাবাহিনী ও পুলিশ যৌথ অভিযান চালাচ্ছে।
বান্দরবান অতিরিক্ত পুলিশ সুপার আবদুল করিম বলেন, অপহৃত শ্রমিকদের উদ্ধারে পুলিশসহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী অভিযান শুরু করেছে। কারা অপহরণ করেছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
প্রসঙ্গত, এর আগে গত ১৪ জানুয়ারি গভীর রাতে বান্দরবানের লামা উপজেলার সরই ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের দুর্গম বমুখাল নামক এলাকায় কয়েকজন সশস্ত্র সন্ত্রাসী ৭ রাবার শ্রমিককে অপহরণ করে নিয়ে যায়। পরে যৌথবাহিনীর সদস্যরা অভিযান চালিয়ে একদিন পর তাদের উদ্ধার করে।
