চান্দনায় মার্কেটে অগ্নিকাণ্ড, ব্যাপক ক্ষয়ক্ষতি

আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০২৫, ০৭:০২ পিএম

গাজীপুর মহানগরী চান্দনা চৌরাস্তা এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে একটি মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার (৩ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে তিনটার দিকে আনোয়ারা বেগম সুপার মার্কেটে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

খবর পেয়ে গাজীপুর ও ভোগড়া মডার্ন ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। গাজীপুর ভোগড়া মর্ডান ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার ইকবাল হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।

ফায়ার সার্ভিস ও প্রত্যক্ষদর্শীরা জানায়, টিনের ছাউনিযুক্ত ওই আধাপাকা মার্কেটটিতে চারটি দোকান ছিল। এর মধ্যে তাজ গ্যাস স্টোর ও আকন্দ স্টিল বিতানে মালিক শাহিন আকন্দ। শাহের এন্টারপ্রাইজের মালিক রুবেল মিয়া এবং হাসান ডিজেল সার্ভিস দোকানের মালিক আবুল হাসান। দোকান গুলোতে গ্যাসের চুলা, গ্যাসের চুলার বিভিন্ন খুচরা মালামাল, গ্যাস সিলিন্ডারসহ বিভিন্ন মালামাল বিক্রি করা হতো। বিকাল সাড়ে তিনটার দিকে তাজ গ্যাস স্টোরের বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই আগুন আশপাশের দোকান গুলোতে ছড়িয়ে পড়ে।

এতে ব্যস্ততম ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ফ্লাইওভারের নীচ দিয়ে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। পরে ঢাকামুখি সমস্ত গাড়িকে জয়দেবপুর সড়ক ব্যবহার করে উড়াল সড়ক দিয়ে ঢাকার দিকে পাঠানো হয়। দোকান মালিকদের দাবি তাদের প্রায় দুই কোটি টাকার ক্ষতি হয়েছে। 

তবে আগুন লাগার কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত সাপেক্ষে জানা যাবে বলে ফায়ার সার্ভিসের ওই কর্মকর্তা জানিয়েছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত