সোনাগাজী

ব্যবসায়ীর বাড়িতে দুর্ধর্ষ চুরি, স্বর্ণালঙ্কারসহ ১৮ লাখ টাকার মালামাল লুট

আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০২৫, ১১:৪০ পিএম

ফেনীর সোনাগাজীতে ছানাউল্লাহ নামে এক ব্যবসায়ীর বাড়িতে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। সোমবার (২ ফেব্রুয়ারি) রাতের কোনো এক সময় পৌর এলাকার চৌধুরী লেনে ওই ব্যবসায়ীর বাড়িতে এ ঘটনা ঘটে। মঙ্গলবার রাতে বাদী হয়ে সোনাগাজী মডেল থানায় অজ্ঞাত চোরদের বিরুদ্ধে মামলা করেছেন।

ব্যবসায়ী শাকিল বলেন, সোমবার বিকালে পরিবারের সবাইকে নিয়ে গ্রামের বাড়িতে বেড়াতে যাই। মঙ্গলবার সকালে বাসায় ফিরে দরজা খুলতে গেলে বুঝতে পারি দরজা ভেতরের দিক থেকে আটকানো। স্থানীয়দের সহায়তায় ঘরে দরজা ভেঙে ঘরে প্রবেশ করে দেখি আলমারি ভাঙা ও প্রতিটি কক্ষের মালামাল এলোমেলো অবস্থায় রয়েছে। 

চোরেরা আলমারিতে রাখা সাড়ে ৩ লাখ টাকা, ১০ ভরি স্বর্ণালংকারসহ মোট ১৮ লাখ টাকার মালামাল লুটে নিয়ে যায়।

স্থানীয়রা জানায়, সোনাগাজী বাজারে শাকিলের ব্যবসাপ্রতিষ্ঠান রয়েছে। দীর্ঘদিন এখানে বসবাস করলেও কারও সঙ্গে মনোমালিন্য হয়নি। সংঘবদ্ধ চোরের দল তাকে নিঃস্ব করে দিয়েছে।

সোনাগাজী থানার ওসি বায়েজিদ আখন্দ জানান, লিখিত এজহার পেয়ে পুলিশ তদন্ত শুরু করছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত