সিটিকে হারিয়ে লিভারপুলকে হুংকার আর্সেনালের

আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০২৫, ১২:৪৮ এএম

এই মৌসুমে হোঁচট খাওয়া যেন অভ্যাসে পরিণত করেছে ম্যানচেস্টার সিটি। তবে ম্যানসিটি এক ম্যাচে ৫ গোল হজম করবে এমনটি হয়তো ভাবেননি অনেকেই। রবিবার রাতে সেটিই করে দেখাল আর্সেনাল। নিজেদের মাঠ এমিরেটসে আর্সেনাল ৫-১ গোলে হারিয়েছে ম্যানসিটিকে। এই জয়ে পয়েন্ট টেবিলের দুইয়েই রইল আর্সেনাল। লিগে এ নিয়ে টানা ১৪ ম্যাচ অপরাজিত মিকেল আর্তেতার দল। সিটির বিপক্ষে দারুণ জয়ের পর শীর্ষে থাকা লিভারপুলকে হুংকার দিয়েছেন আর্সেনাল মিডফিল্ডার ডেক্লান রাইস।

প্রায় ১৭ বছরের মধ্যে এই প্রথম ইপিএলে কোনো অ্যাওয়ে ম্যাচে ৫ গোল হজম করল ম্যানসিটি। এর আগে সবশেষ ২০০৮ সালের মে মাসে, মিডলসবরোর বিপক্ষে সিটি হেরেছিল ৮-১ গোলে।

আর্সেনালের ২৪ ম্যাচে পয়েন্ট ৫০, এক ম্যাচ কম খেলে ৫৬ পয়েন্টে শীর্ষে লিভারপুল। তবু শিরোপা নিয়ে আশাবাদী আর্সেনাল মিডফিল্ডার রাইস। ‘লিভারপুল আমাদের চেয়ে এখনো অনেক এগিয়ে, তাদের হাতে একটি ম্যাচ বেশি আছে। আগের দিন তারা জেতায় আমরা জানতাম যে এই ম্যাচ আমাদের জিততেই হবে। ভিলার বিপক্ষে লড়াইয়ের মতো ম্যাচগুলো বেশি হতাশার, যেখানে আমরা ২-০ গোলে এগিয়ে ছিলাম এবং সেখান থেকে পয়েন্ট হারাই (২-২ ড্র হয়), কারণ ম্যাচটি জিতে আমরা লিভারপুলের আরেকটু কাছে যেতে পারতাম। তবে আমরা লড়াই চালিয়ে যাব। অন্যদের সাহায্যও আমাদের প্রয়োজন, কিন্তু আমরা জানি আমাদের লক্ষ্য কী। সেটা হলো, তাদের পেছনে ফেলে লিগ শিরোপা জয় করা।’

ম্যাচে আর্সেনালের গোলগুলো করেন ওডেগার্ড, পার্টি, লুইস-স্কেলি, হাভার্টজ ও নোয়ানেরি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত