অতিরিক্ত শুল্ক ও বর্ধিত ভ্যাট প্রত্যাহারের দাবিতে মঙ্গলবার (৪ জানুয়ারি) হতে চট্টগ্রাম বন্দর থেকে আমদানিকৃত তাজা ফল খালাস বন্ধ রেখেছে ব্যবসায়ীরা। বাংলাদেশ ফ্রেশ ফ্রুটস ইম্পোর্টার্স অ্যাসোসিয়েশনের আহ্বানে আমদানিকারকরা এ কর্মসূচি পালন করছে। কর্মসূচির আওতায় বুধবারও বন্দর থেকে কোনো ফল খালাস হবে না বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
বাংলাদেশ ফ্রেশ ফ্রুটস ইম্পোর্টার্স অ্যাসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ তৌহিদুল আলম এ বিষয়ে দেশ রূপান্তরকে বলেন, অতিরিক্ত শুল্ক ও বর্ধিত ভ্যাটের কারণে তাজা ফলের আমদানি ব্যয় বেড়ে গেছে। বাড়তি দামের কারণে ফল বেচাকেনাও হ্রাস পেয়েছে। শুল্ক ও ভ্যাট কমানোর জন্য বেশ কিছুদিন ধরে আমদানিকারকরা সভা-সমাবেশ, মানববন্ধন, স্মারকলিপি প্রদানসহ বিভিন্ন কর্মসূচি পালন করে আসছেন। কিন্তু সরকারের সংশ্লিষ্ট দপ্তর তা আমলে নিচ্ছে না। এ অবস্থায় প্রাথমিকভাবে আমরা ৪ ও ৫ ফেব্রুয়ারি দুই দিন চট্টগ্রাম বন্দর ও স্থল বন্দরসমূহ দিয়ে আমদানিকৃত কোনো তাজা ফল খালাস না করার কর্মসূচি দেওয়া হয়েছে। সে অনুযায়ী মঙ্গলবার চট্টগ্রাম বন্দর থেকে কোনো তাজা ফল খালাস হয়নি।
তিনি জানান, দুইদিনের কর্মসূচির মাধ্যমে আমরা সরকারের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করছি। এরপরও যদি শুল্ক ও ভ্যাট কমানো না হয়, তাহলে আগামী ১৪ ফ্রেব্রুয়ারি থেকে অনির্দিষ্টকালের জন্য আমদানিকৃত ফল খালাস বন্ধ রাখা হবে।
এদিকে, খুচরা ফল ব্যবসায়ীদের সঙ্গে আলাপ করে জানা গেছে, বন্দর থেকে ফল খালাস বন্ধ থাকার নেতিবাচক প্রভাব পড়বে খুচরা বাজারে। চাহিদানুযায়ী সরবরাহ না থাকার কারণে বুধবার থেকে আমদানিকৃত বিভিন্ন জাতের তাজা ফলের দাম বাড়তে পারে।
কথা হয় নগরীর দামপাড়া ওয়াসা মোড়ে ফলের খুচরা দোকানদার আলী আহমদের সাথে। তিনি জানান, মঙ্গলবার প্রতি কেজি আঙ্গুর ৪০০ টাকা, কমলা ২২০ টাকা, আপেল ২৬০ টাকা, নাসপাতি ৩৫০ টাকা, আনার ৪০০ টাকা, কেনু ২২০ টাকা ও মাল্টা ২৬০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। বন্দর থেকে খালাস বন্ধ থাকায় বুধবার ও বৃহস্পতিবার এসব ফল প্রতি কেজিতে ২০ থেকে ৩০ টাকা দাম বেড়ে যেতে পারে।
চট্টগ্রাম নগরীর ফলমন্ডির ফল ব্যবসায়ীরা জানান, দেশে তাজা ফলের চাহিদার ৭০ শতাংশ আমদানি নির্ভর। কিন্তু গত ৯ জানুয়ারি জাতীয় রাজস্ব বোর্ডের এক প্রজ্ঞাপনে তাজা ফল আমদানি শুল্ক ২০ শতাংশ থেকে বাড়িয়ে ৩০ শতাংশ করা হয়। যে কারণে তাজা ফলের আমদানি ব্যয় বেড়ে যায়। একই হারে খোলা বাজারেও বৃদ্ধি পায় ফলের দাম। যার নেতিবাচক প্রভাব পড়েছে ফল ব্যবসায়।
বুয়েটের ৮ শিক্ষার্থীকে স্থায়ী বহিষ্কার, ৩৩ জনকে বিভিন্ন মেয়াদে শাস্তি
আলু চাষে নতুন সম্ভাবনা ‘বিনা চাষ পদ্ধতি’
নারায়ণগঞ্জে আ. লীগের লিফলেট বিতরণ, রিমান্ডে ৪ জন 