চট্টগ্রাম নগরের বিভিন্নস্থানে শেখ মুজিবুর রহমানের ম্যুরাল ভাঙচুর ও মশাল মিছিল করেছে বিক্ষুব্ধরা। বুধবার (৫ ফেব্রুয়ারি) রাত ১০টার দিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে একদল বিক্ষুব্ধ জনতা মিছিল নিয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ ও নগরের জামালখান এলাকায় বঙ্গবন্ধুর ম্যুরাল ভাঙচুর করেন।
ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাষণের প্রতিবাদে ‘বুলডোজার কর্মসূচি’র অংশ হিসেবে তারা এই ভাঙচুর চালান বলে জানা গেছে।
ফেসবুকে ভাইরাল হওয়া একাধিক লাইভে দেখা গেছে, বিক্ষোভের সময় সংগঠকরা ‘ফ্যাসিবাদের ঠিকানা, এই বাংলায় হবে না, ফ্যাসিবাদের আস্তানা, জ্বালিয়ে দাও-পুড়িয়ে দাও, জাতির পিতা ইব্রাহিম, শেখ মুজিব ঘোড়ার ডিম’- এসবসহ আরও বিভিন্ন স্লোগান দেন। মিছিল-স্লোগানে পুরো সময় উত্তাল ছিল নগরের জামালখানসহ আশপাশের এলাকা।
জানা গেছে, রাত ১০টার দিকে প্রথমে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষুব্ধরা মশাল নিয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজে যান। সেখানে পুরনো একাডেমিক ভবনের পেছনে একটি ম্যুরাল ভাঙচুর করা হয়। এরপর তারা মশাল মিছিল নিয়ে নগরের জামালখান এলাকায় আসেন। সেখানে প্রথমে চট্টগ্রাম প্রেসক্লাবের নিচে শেখ মুজিবের ম্যুরালে আঘাত করা হয়। এরপর জামালখান মোড়ে গিয়ে ডা. খাস্তগীর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সীমানা দেয়ালে স্থাপন করা বঙ্গবন্ধুর একাধিক প্রতিকৃতি হাতুড়ি ও লোহার রড দিয়ে ভাঙচুর করেন তারা।
পুড়ে যাওয়া সুধাসদনের আসবাব নিয়ে যাচ্ছে মানুষ