মেহের আফরোজ শাওন আটক

আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০২৫, ১১:০৯ পিএম

রাষ্ট্রীয় ষড়যন্ত্রের অভিযোগে অভিনেত্রী ও নির্মাতা মেহের আফরোজ শাওনকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) ধানমন্ডি থেকে তাকে আটক করেছে পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)।

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে ডিএমপির অতিরিক্ত কমিশনার (ডিবি) রেজাউল করিম মল্লিক দেশ রূপান্তরকে বলেন, রাষ্ট্রীয় ষড়যন্ত্রের অভিযোগে আটক করা হয়েছে শাওনকে। তাকে ডিবি কার্যালয় নেওয়া হচ্ছে। ডিবি হেফাজতে তাকে রাষ্ট্রীয় ষড়যন্ত্রের ব্যাপারে জিজ্ঞাসাবাদ করা হবে। আগামীকাল তাকে সুনির্দিষ্ট মামলায় আদালতে উত্থাপন করে রিমান্ড চাওয়া হবে বলেও জানান ডিবির এই কর্মকর্তা।

এর আগে হুমায়ূন আহমেদের স্ত্রী ও টিভি অভিনেত্রী মেহের আফরোজ শাওনের গ্রামের বাড়িতে আগুন দেয় ছাত্রজনতা। বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার দিকে জামালপুর সদর উপজেলার নরুন্দি রেলওয়ে স্টেশন সংলগ্ন এলাকায় শাওনের বাবার বাড়িতে এ ঘটনা ঘটে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে সবসময়ই সরব অভিনেত্রী মেহের আফরোজ শাওন। অভিনয় সংশ্লিষ্ট বিভিন্ন পোস্টের পাশাপাশি রাজনীতি নিয়েও ফেসবুকে বিভিন্ন পোস্ট করতেন তিনি। গত ৫ আগস্টের পর থেকে পতিত আওয়ামী লীগ সরকারের পক্ষে এবং সরকারের বিভিন্ন কর্মকাণ্ডের বিরুদ্ধে তিনি নিয়মিত পোস্ট দিয়ে আসছিলেন।

মেহের আফরোজ শাওন  একজন বাংলাদেশি অভিনেত্রী, নৃত্যশিল্পী, সঙ্গীতশিল্পী, পরিচালক ও স্থপতি। তিনি কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের দ্বিতীয় স্ত্রী ছিলেন। তার বাবা মোহাম্মাদ আলী ও মাতা তহুরা আলী। তহুরা আলী জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনের সদস্য ছিলেন। শাওনের গ্রামের বাড়ি জামালপুর জেলার নরুন্দিতে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত