মানিকগঞ্জের সিঙ্গাইর থানার নামে ব্যবহৃত ফেসবুক অ্যাকাউন্ট থেকে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি ভিডিও শেয়ার করার কিছুক্ষণ পর তা ডিলিট করা হয়েছে। আপলোডের ৩৫ মিনিটের মধ্যেই ভিডিওটি ডিলিট করা হয়।
বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) দুপুর ১২ টা ১৪ মিনিটে (সিঙ্গাইর পিএস) নামের আইডিতে ভিডিওটি স্টোরি আকারে শেয়ার করা হয় । এরপর ১২টা ৪৯ মিনিটে ভিডিওটি ডিলিট করে দেয়া হয়।
এদিকে ভিডিওটি শেয়ারের পর থেকেই বিভিন্নজন নেতিবাচক মন্তব্য করতে শুরু করেন। পরে বিষয়টি নজরে এলে সিংগাইর থানার ফেসবুক আইডি থেকে এক স্ট্যাটাস দিয়ে জানানো হয় ‘স্টোরিতে শেখ হাসিনার ভিডিও বক্তব্য দৃশ্যমান হয়। যা সিংগাইর থানার ফেসবুক আইডি হতে সরকারি কোনো পোস্ট নয়। আমরা ধারণা করছি কোন হ্যাকারের মাধ্যমে বা প্রযুক্তিগত ত্রুটি-বিচ্যুতির কারণে হয়েছে যা অনাকাঙ্ক্ষিত ও অনিচ্ছাকৃত।’ পোস্টটি দৃষ্টিগোচর হওয়ায় সাথে সাথে মুছে ফেলা হয়েছে জানিয়ে সিংগাইর থানা পুলিশ দুঃখপ্রকাশও করে।
এ ব্যাপারে সিংগাইর থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহিদুল ইসলাম জাহাঙ্গীর বলেন, আমি যোগদানের আগে থেকেই থানার ফেসবুক আইডিটি ওপেন করা। মাত্র ১৫ সেকেন্ড বক্তব্যটি স্টোরিতে ছিল। আমরা খতিয়ে দেখছি কিভাবে হলো।
আলোচিত ৫ (৬ ফেব্রুয়ারি)