সরকার আগামী মে মাসের শেষদিকে বাংলাদেশ বিলবোর্ড এডভার্টাইজিং ওনার্স অ্যাসোসিয়েশনের নির্বাচন অনুষ্ঠানের ঘোষণা দিয়েছে। এর আগে চলতি ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ে ৩ সদস্যের নির্বাচন কমিশন এবং ৩ সদস্যের নির্বাচনী আপিলাত বোর্ড গঠন করে নির্বাচনের তফসিল ঘোষণ করা হবে।
বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) রাতে ঢাকার স্থানীয় এক হোটেলে আয়োজিত মতবিনিময় সভা থেকে এ ঘোষণা দেন অ্যাসোসিয়েশনের বর্তমান প্রশাসক ও বাণিজ্য মন্ত্রণালয়ের ডেপুটি সেক্রেটারি ড. শাহাদত হোসেন। সভায় সারাদেশ থেকে শতাধিক বিলবোর্ড ব্যবসায়ী অংশগ্রহণ করেন।
উল্লেখ্য, বাংলাদেশ বিলবোর্ড অ্যাডভার্টাইজিং ওনার্স অ্যাসোসিয়েশন কার্যনির্বাহী কমিটির (২০২২-২০২৩) সাধারণ সম্পাদক মো. আবুল হোসেন খান অ্যাসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ মিজানুর রহমানের বিরুদ্ধে সংগঠনের নির্বাহী কর্মকাণ্ড পরিচালনায় স্বেচ্ছাচারিতা, ব্যাপক অনিয়ম এবং দুর্নীতির তদন্ত চেয়ে ২০২৩ সালের ৮ অক্টোবর বাণিজ্য মন্ত্রণালয়ের বাণিজ্য সংগঠন অনুবিভাগে লিখিত অভিযোগ করেন। সেই সময় বাণিজ্য সংগঠনের পক্ষ থেকে ১ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়।
তদন্ত কমিটির রিপোর্টে সাবেক সভাপতি মোহাম্মদ মিজানুর রহমানের বিরুদ্ধে আনীত স্বেচ্ছাচারিতা, অনিয়ম এবং দুর্নীতির অভিযোগের সত্যতা উঠে আসায় সরকার গত বছরের ৮ এপ্রিল বাংলাদেশ বিলবোর্ড অ্যাডভার্টাইজিং ওনার্স অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি ভেঙে দিয়ে সেখানে প্রশাসক নিয়োগ করে।
এরমধ্যে দুই দফা প্রশাসক পরিবর্তনের পর বর্তমান প্রশাসক ড. শাহাদত হোসেন মতবিনিময় সভা শেষে আগামী মে মাসের শেষদিকে বাংলাদেশ বিলবোর্ড অ্যাডভার্টাইজিং ওনার্স অ্যাসোসিয়েশনের নির্বাচন অনুষ্ঠানের আনুষ্ঠানিক ঘোষণা দিলে বিলবোর্ড ব্যবসায়ীদের মধ্যে প্রাণচাঞ্চল্য ফিরে আসে।
