মানবতাবিরোধী অপরাধ

দুই পুলিশসহ ৭ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০২৫, ০৯:০১ পিএম

গণ-অভ্যুত্থানের সময় রাজধানীর মহাখালী, রামপুরা ও উত্তরায় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় দুই পুলিশ সদস্যসহ ৭ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

এছাড়া রাজধানীর চানখারপুলের ছাত্র-জনতা হত্যার ঘটনায় গ্রেপ্তার পুলিশ কনস্টেবল সুজন হোসেনকে একদিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছেন আদালত।

রবিবার (৯ ফেব্রুয়ারি) প্রসিকিউশনের পৃথক আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে গঠিত ট্রাইব্যুনাল এ আদেশ দেয়। প্রসিকিউটর গাজী মোনাওয়ার হুসাইন তামিম ও বি এম সুলতান মাহমুদ এ আবেদনগুলো করে শুনানি করেন। গত ১২ জানুয়ারি মানবতাবিরোধী অপরাধের মামলায় সুজনকে গ্রেপ্তার দেখানো হয়। 

প্রসিকিউটর মোনাওয়ার হুসাইন তামিম সাংবাদিকদের বলেন, চলতি মাসেই জুলাই-আগস্টে সংগঠিত গণহত্যাসহ মানবতাবিরোধী অপরাধের কয়েকটি মামলায় তদন্ত শেষে প্রতিবেদন জমা দেওয়া হবে। এদিকে মানবতাবিরোধী অপরাধের মামলায় উত্তরা পূর্ব থানার সাবেক ওসি মুজিবুর রহমানকে গ্রেপ্তারি পরোয়ানা জারির নির্দেশ দিয়েছিল ট্রাইব্যুনাল।

রবিবার বিকাল সাড়ে ৩টার দিকে তাকে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। এরপর তাকে ট্রাইব্যুনালে হাজির করা হলে আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত