দেশের প্রেক্ষাগৃহে চলছে অমিতাভ রেজা নির্মিত সিনেমা ‘রিকশা গার্ল’। এই সিনেমায় এক নারী রিকশাচালকের গল্প উঠে এসেছে। এ কারণেই এবার প্রান্তিক মানুষের জন্য সিনেমাটির বিশেষ প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। সিনেমার বিশেষ প্রদর্শনীতে সাধারণত বিশেষ শ্রেণিপেশার মানুষরাই দাওয়াত পেয়ে থাকেন। গেল মাসের শেষের দিকে দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল ‘রিকশা গার্ল’ নামের সিনেমা। ওই সিনেমায় রিকশাচালক গল্প থাকায় বিশেষ প্রদর্শনীর উদ্যোগ নেওয়া হয়েছে।
আগামী মঙ্গলবার বিকেল ৪টায় কেরানীগঞ্জের জয় সিনেমাসের লায়ন শপার্স ওয়ার্ল্ড সিনেমাসে হবে এই প্রদর্শনী। সংশ্লিষ্টরা জানিয়েছেন, প্রদর্শনীতে শতাধিক রিকশাচালক উপস্থিত হবেন। থাকবেন সিনেমার নির্মাতা-শিল্পীরাও।
‘রিকশা গার্ল’ সিনেমার অভিনেত্রী নভেরা বলেন, ‘যখন শুটিং চলছিল তখনই এ ধরনের একটি পরিকল্পনা হয়েছিল। এটি বাস্তবে রূপ লাভ করতে যাচ্ছে। এর আগে মেড ইন বাংলাদেশ সিনেমাটির একটি প্রদর্শনী হয়েছিল গার্মেন্টস শ্রমিকদের নিয়ে। ওই শোতে আমি থাকতে পারিনি। আশা করছি, এবার প্রদর্শনীতে উপস্থিত হয়ে দর্শকের সঙ্গে আনন্দ ভাগাভাগি করব। শো শেষে তাদের সঙ্গে কথা বলব। সিনেমা নিয়ে তাদের মতামত শুনব।’
