বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনে জাতীয় কনসালটেশন ওয়ার্কশপ আয়োজন

আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০২৫, ১১:২৭ পিএম

আইসোটোপ হাইড্রোলজি বিভাগ, বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন গত  ০২-০৩ ফেব্রুয়ারি কমিশনের প্রধান কার্যালয়ে দুই দিনব্যাপী এক জাতীয় কনসালটেশন ওয়ার্কশপ আয়োজন করে। ওয়ার্কশপের মূল প্রতিপাদ্য বিষয় ছিল দেশের পানি সম্পদ বিষয়ে কর্মরত সকল স্টেকহোল্ডারদের সহিত আলোচনার মাধ্যমে একটি খসড়া জাতীয় হাইড্রোলজিক্যাল স্কেচ রিপোর্ট তৈরির মাধ্যমে জাতীয় পানি সমস্যার অগ্রাধিকার ক্ষেত্রগুলির একটি তালিকা প্রস্তুত করা এবং ভবিষ্যতের পানি বিষয়ক প্রকল্পে আইসোটোপ হাইড্রোলজি প্রযুক্তি ব্যবহারের সম্ভাব্য সুযোগ সৃষ্টি করা।

কমিশনের আন্তর্জাতিক বিষয়ক বিভাগের পরিচালক ড. ইদ্রিস আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত ওয়ার্কশপে বিশেষ অতিথি হিসেব উপস্থিত ছিলেন কমিশনের জীববিজ্ঞান সদস্য, ড. মজিবুর রহমান । উক্ত ওয়ার্কশপে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা, ভিয়েনা, অষ্ট্রিয়া কর্তৃক নিয়োজিত বিশেষজ্ঞ ড. ভিরাজ ইদিরিশিংগে। ওয়ার্কশপে আমন্ত্রিত অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের যুগ্মসচিব (পাশ) সালমা খাতুন এবং কমিশনের বিভিন্ন ইনিস্টিটিউটের পরিচালক ও বিজ্ঞানীগণ।

ওয়ার্কশপে আমন্ত্রিত স্টেকহোল্ডারদের মধ্যে উপস্থিত ছিলেন জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর, বাংলাদেশ ভূতাত্ত্বিক জরিপ অধিদপ্তর, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর, ইনিস্টিটিউট অব ওয়াটার মডেলিং, মিলিটারি ইনিস্টিটিউট অব টেকনোলজি, ওয়াটার এইড, নদী গবেষণা ইনস্টিটিউট, বাংলাদেশ হাওর ও জলাভূমি উন্নয়ন অধিদপ্তর, প্রভৃতি প্রতিষ্ঠানের প্রতিনিধিগণ। ওয়ার্কশপে বাংলাদেশের পানি সম্পদের সুষ্ঠু ব্যবস্থাপনা ও টেকসই উন্নয়নে আইসোটোপ হাইড্রোলজি ব্যবহার বিষয়ে স্বাগত বক্তব্য রাখেন কমিশনের আইসোটোপ হাইড্রোলজি বিভাগের প্রধান ভূতত্ত্ববিদ ড. রতন কুমার মজুমদার। 

বিশেষ অতিথি ড. মজিবুর রহমান বলেন, ‘জীবনধারণের জন্য বিশুদ্ধ পানি প্রাপ্তির নিশ্চয়তার জন্য পানির বিভিন্ন সমস্যা রোধকল্পে ভবিষ্যতের প্রকল্পে প্রথাগত পদ্ধতির সহিত আইসোটোপ হাইড্রোলজি প্রযুক্তি ব্যবহার বাঞ্ছনীয়’।

আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার বিশেষজ্ঞ ড. ইদিরিশিংগে স্থায়ী ও তেজষক্রিয় আইসোটোপ ব্যবহার করে বাংলাদেশে পানির সমস্যা সমাধানের সম্ভাবনার বিষয়ে স্টেকহোল্ডারদের অবহিত করেন। ড. ইদিরিশিংগে আরও উল্লেখ করেন যে, আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা ও কমিশন বিভিন্ন রিজিওনাল ও টেকনিক্যাল কোঅপারেশন প্রকল্পের মাধ্যমে বাংলাদেশের বিভিন্ন এলাকায় পানির উৎস, পুনর্ভরণ, গুনগতমান ও পুনর্ভরন কৌশলের উপর বিভিন্ন গবেষণা পরিচালনা করে আসছে। তিনি আরও উল্লেখ করেন যে, ভবিষ্যতে দেশের লবনাক্ততা প্রবন উপকূল অঞ্চলে সুপেয় পানির অনুসন্ধানে  ও পানি সম্পদের সুষ্ঠূ ব্যবস্থাপনায় আইসোটপিক পদ্ধতি প্রয়োগের ক্ষেত্রে কমিশন বিভিন্ন স্টেকহোল্ডারদের সাথে  যৌথভাবে কাজ করার সম্ভাবনা রয়েছে।

বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের সাবেক পরিচালক ড. আনোয়ার জাহিদ দেশের ভূগর্ভস্থ পানি সম্পদের সুষ্ঠু ব্যবস্থাপনার জন্য  ভূগর্ভস্থ জলাধারের বিভিন্ন স্তরের পানির উৎস, বয়স ও পুনর্ভরণ প্রকৃয়া নির্ণয়ে আইসোটোপিক পদ্ধতির ব্যবহারের বিষয়ে গুরুত্ব আরোপ করেন। সেমিনারে সভাপতি, ড. ইদ্রিস আলী, আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার সহায়তায় বাংলাদেশের ভূগর্ভস্থ পানি সম্পদের উন্নয়ন ও সুষ্ঠু ব্যবস্থাপনায় স্টেকহোল্ডারদের বিভিন্ন প্রকল্পে আইসোটোপ হাইড্রোলজি অন্তর্ভুক্ত করার জন্য মত প্রকাশ করেন। পরিশেষে, অনুষ্ঠানের সভাপতি আগত সকল অতিথিগণকে ধন্যবাদ জানিয়ে ওয়ার্কশপের সমাপ্তি ঘোষণা করেন। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত