আগামী ২০ ফেব্রুয়ারি পঞ্চমবারের মতো অনুষ্ঠিত হচ্ছে ‘বগুড়া আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ২০২৫’ (বিআইএফএফ)। বগুড়ায় জাঁকজমক আয়োজনের মধ্য দিয়ে মধুবন সিনেপ্লেক্স ও জেলা শিল্পকলা একাডেমিতে শুরু হচ্ছে এ আয়োজন। শেষ হবে ২২ ফেব্রুয়ারি। পুণ্ড্রনগর চলচ্চিত্র সংসদের উদ্যোগে আয়োজিত এবারের উৎসবে সাতটি ক্যাটাগরিতে শ্রেষ্ঠ চলচ্চিত্র নির্বাচনের জুরি হিসেবে থাকছেন দেশ ও বিদেশের দশজন চলচ্চিত্র নির্মাতা, অভিনয়শিল্পী, লেখক, সাংবাদিক ও চলচ্চিত্র প্রকৌশলী।
আয়োজকদের তথ্যমতে, এবারের আয়োজনে দেশীয় জুরিদের মধ্যে রয়েছেন চলচ্চিত্র সাউন্ড ডিজাইনার নাহিদ মাসুদ, অভিনেত্রী কাজী নওসাবা আহম্মেদ, চলচ্চিত্র নির্মাতা মোহাম্মদ তাওকীর ইসলাম, গীতিকার, সমালোচক ও সাংবাদিক মাহমুদ মানজুর, স্ক্রিপ্ট রাইটার ও সাংবাদিক অপূর্ণ রুবেল, লেখক ও সাংবাদিক অনিন্দ্য মামুন, চলচ্চিত্র নির্মাতা শায়লা রহমান তিথি।
বিদেশি জুরিদের মধ্যে রয়েছেন মিসর থেকে চলচ্চিত্র নির্মাতা মারওয়া ইলসাকুরি, ভারত থেকে নির্মাতা রাকেশ আন্দানিয়া ও অমল ভাগাত। ইতিমধ্যে অনলাইনে ছবি দেখে জুরিদের বিচারকাজ শুরু হয়েছে বলে জানান উৎসব পরিচালক সূপিন বর্মন।
তিনি জানান, বিশ্বের ৩৩ দেশের ৯৭টি চলচ্চিত্র প্রদর্শনের জন্য নির্বাচন করা হয়েছে, যা গতবারের আয়োজনের দ্বিগুণ। নির্বাচিত এই চলচ্চিত্রগুলোর মধ্য থেকে সাতটি ক্যাটাগরিতে দেওয়া হবে সাতটি শ্রেষ্ঠ চলচ্চিত্র পুরস্কার। তিনি বলেন, দেশীয় সাতজন জুরির পাশাপাশি বিদেশের আরও তিনজন জুরি অংশগ্রহণ করছেন এই উৎসবে।
পুণ্ড্রনগর চলচ্চিত্র সংসদের সভাপতি পৌষরাম সরকার ও উৎসব চেয়ারম্যান এম রহমান সাগর জুরিদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। এবারের উৎসবে চলচ্চিত্র প্রদর্শন ছাড়াও থাকছে চারটি চলচ্চিত্রবিষয়ক সেমিনার ও মাস্টার ক্লাস। উৎসবে ছয় দেশের ৪৫ জন চলচ্চিত্র নির্মাতা, কলাকুশলী ও চলচ্চিত্রকর্মীরা উপস্থিত থাকবেন বলে জানিয়েছে উৎসব কর্র্তৃপক্ষ।
