মাথাপিছু আয় কমে ২৭৩৮ ডলার

আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০২৫, ০৭:৩৮ এএম

বাংলাদেশের মানুষের মাথাপিছু আয় এখন ২ হাজার ৭৩৮ মার্কিন ডলার। ২০২৩-২৪ অর্থবছরের চূড়ান্ত হিসাবে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) এ তথ্য দিয়েছে। এই হিসাবে সাময়িক হিসাব থেকে মাথাপিছু আয় ৪৬ ডলার কমে গেছে। সাময়িক হিসাবে মাথাপিছু আয় ছিল ২ হাজার ৭৮৪ ডলার। গতকাল সোমবার বিবিএস ২০২৩-২৪ অর্থবছরের মাথাপিছু আয় মোট দেশজ উৎপাদনের (জিডিপি) চূড়ান্ত হিসাব দিয়েছে। সেখানে এই তথ্য পাওয়া গেছে। এই হিসাবে দেখা গেছে, ২০২৩-২৪ অর্থবছরে জিডিপি প্রবৃদ্ধির হারও কমেছে। সাময়িক হিসাবের চেয়ে কমেছে ১ দশমিক ৬০ শতাংশীয় পয়েন্ট।

মাথাপিছু আয় ব্যক্তির একক আয় নয়। দেশের অভ্যন্তরের আয়ের পাশাপাশি প্রবাসী আয়সহ যত আয় হয়, তা একটি দেশের মোট জাতীয় আয়। সেই জাতীয় আয়কে মাথাপিছু ভাগ করে এই হিসাব করা হয়।

বিবিএসের হিসাবে দেখা গেছে, তিন বছর ধরে দেশের মানুষের গড় মাথাপিছু আয় কমেছে। ২০২১-২২ অর্থবছরে মাথাপিছু আয় ছিল ২ হাজার ৭৯৩ ডলার, যা এযাবৎকালের সর্বোচ্চ। এরপর ২০২২-২৩ অর্থবছরের মাথাপিছু আয় কমে দাঁড়ায় ২ হাজার ৭৪৯ কোটি ডলার। গত অর্থবছরে তা আরও কমল।

মূলত ডলারের বিনিময় হার বেড়ে যাওয়ায় বিবিএসের হিসাবে মাথাপিছু আয় কমেছে। ২০২৩-২৪ অর্থবছরের মার্কিন ডলারের গড় বিনিময় হার ১১১ টাকা ৬ পয়সা হিসেবে ধরা হয়েছে। দুই বছরের বেশি সময় ধরে ডলারের বিনিময় হার বাড়ছে। তবে টাকার হিসাবে মাথাপিছু আয় বেড়েছে, সেই হিসাবে মাথাপিছু আয় তিন লাখ টাকা ছাড়িয়ে গেছে। দেশের মানুষের মাথাপিছু আয় এখন ৩ লাখ ৪ হাজার ১০২ টাকা। ২০২২-২৩ অর্থবছরে মাথাপিছু আয় ছিল ২ লাখ ৭৩ হাজার ৩৬০ টাকা।

এদিকে ২০২৩-২৪ অর্থবছরে চূড়ান্তভাবে প্রবৃদ্ধির হার কমে দাঁড়িয়েছে ৪ দশমিক ২২ শতাংশ। অথচ সাময়িক হিসাবে এই হার ধরা হয়েছিল ৫ দশমিক ৮২ শতাংশ। বিবিএস জানিয়েছে, সাময়িকভাবে প্রাপ্ত তথ্য-উপাত্তের ভিত্তিতে ২০২৩-২৪ অর্থবছরের জিডিপির সাময়িক হিসাব প্রাক্কলন এর আগে প্রকাশ করা হয়েছিল। একপর্যায়ে চূড়ান্ত তথ্য-উপাত্তের ভিত্তিতে এ অর্থবছরের জিডিপির চূড়ান্ত হিসাব প্রাক্কলন করা হয়েছে।

চূড়ান্ত হিসাব অনুযায়ী, সাময়িক হিসাবের তুলনায় চূড়ান্ত হিসাবে জিডিপির প্রবৃদ্ধি কমেছে। নানা কারণে শিল্পের উৎপাদন প্রবৃদ্ধিও কমেছে। এ অর্থবছরে চূড়ান্তভাবে প্রবৃদ্ধির হার কমে দাঁড়িয়েছে ৪ দশমিক ২২ শতাংশ।

বিবিএস জানায়, দেশের জনসংখ্যা, কৃষি, শিল্প, জননীতি, অর্থনীতি, আর্থসামাজিক বিষয়াদি, প্রাকৃতিক সম্পদ, পরিবেশ, ইত্যাদি-সংক্রান্ত পরিসংখ্যান প্রণয়ন ও প্রকাশ করে থাকে বিবিএস। এর মধ্যে দেশের মোট দেশজ উৎপাদনসহ (জিডিপি) গুরুত্বপূর্ণ সামষ্টিক অর্থনৈতিক নির্দেশক প্রাক্কলন অন্যতম। সাময়িকভাবে প্রাপ্ত তথ্য-উপাত্তের ভিত্তিতে ২০২৩-২৪ অর্থবছরের জিডিপির সাময়িক হিসাব প্রাক্কলন ও প্রকাশ করা হয়েছিল। এ পর্যায়ে চূড়ান্ত তথ্য-উপাত্তের ভিত্তিতে ২০২৩-২৪ অর্থবছরের জিডিপির চূড়ান্ত হিসাব প্রাক্কলন করা হয়েছে। চূড়ান্ত হিসাব অনুযায়ী সাময়িক হিসাবের তুলনায় চূড়ান্ত হিসাবে জিডিপির প্রবৃদ্ধি কমেছে। নানা কারণে শিল্পের উৎপাদন প্রবৃদ্ধিও কমেছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত