আদালতে রুবিয়ালস, 'হারমোসো চুম্বনের সম্মতি দিয়েছিলেন'

আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০২৫, ১০:০৪ পিএম

২০২৩ সালের নারী বিশ্বকাপের ফাইনালে স্প্যানিশ ফুটবলার জেনি হারমোসোকে সম্মতি নিয়েই চুম্বন করেছিলেন বলে আদালতে দাবি করেছেন স্পেন ফুটবল ফেডারেশনের সাবেক সভাপতি লুইস রুবিয়ালেস। তবে হারমোসো আগেই স্পষ্ট জানিয়ে দিয়েছেন, তিনি চুম্বনের অনুমতি দেননি, বরং সেটি তাঁর জীবনের অন্যতম সুখের দিনে এক কলঙ্কচিহ্ন হয়ে আছে।

মঙ্গলবার মাদ্রিদের ন্যাশনাল কোর্টে সাক্ষ্য দিতে গিয়ে ৪৭ বছর বয়সী রুবিয়ালেস বলেন, 'আমি ১০০% নিশ্চিত, জেনি সম্মতি দিয়েছিলেন। সে আমাকে জড়িয়ে ধরেছিল, আমিও তাকে অভিনন্দন জানাতে চুম্বন করেছিলাম। এটা ছিল একদম স্বতঃস্ফূর্ত মুহূর্ত।'

তিনি আরও বলেন, 'আমি তাকে জিজ্ঞেস করেছিলাম, ‘আমি কি তোমাকে চুম্বন করতে পারি?’ এবং সে বলেছিল, ‘হ্যাঁ।’ এটা ভালোবাসার একটি প্রকাশ ছিল।'

তবে হারমোসো আদালতে বলেছেন, 'আমার বস আমাকে চুম্বন করছিলেন, এবং এটি কোনো সামাজিক কিংবা কর্মক্ষেত্রের পরিবেশে গ্রহণযোগ্য নয়। চুম্বন তখনই হবে, যখন আমি নিজে সিদ্ধান্ত নেব।'

বিশ্বকাপ জয়ের পর মেডেল প্রদান অনুষ্ঠানে রুবিয়ালেসের আচরণ বিশ্বজুড়ে বিতর্ক তৈরি করে। প্রতিবাদের মুখে ফিফা তাকে সাময়িক নিষিদ্ধ করে, পরে তিনি পদত্যাগ করতে বাধ্য হন।

এ ঘটনার পরই স্প্যানিশ প্রসিকিউটররা রুবিয়ালেসের বিরুদ্ধে যৌন নিপীড়ন ও জেনি হারমোসোকে চাপ প্রয়োগের অভিযোগে মামলা করেন। প্রসিকিউটররা তার জন্য দুই বছর ছয় মাসের কারাদণ্ড চেয়েছেন।

মঙ্গলবার এক ‘লিপ-রিডিং’ বিশেষজ্ঞ আদালতে জানান, ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে দেখা গেছে, রুবিয়ালেস হারমোসোকে জিজ্ঞেস করেছিলেন, 'আমি কি তোমাকে চুম্বন করতে পারি?' যদিও ফুটেজে হারমোসোর মুখ দেখা যাচ্ছিল না, তবে কথোপকথনের ভিত্তিতে এই ব্যাখ্যা দেওয়া হয়েছে।

হারমোসো আদালতে জানিয়েছেন, চুম্বনের পরপরই তাকে একপাশে নিয়ে যাওয়া হয় এবং একটি বিবৃতিতে সম্মতি দিতে বলা হয়, যা তিনি প্রত্যাখ্যান করেন। রুবিয়ালেস পরে বিমানে বসে ভিডিও বার্তা দেওয়ার জন্যও তাকে চাপ দেন।

এই ঘটনায় রুবিয়ালেস ছাড়াও আরও তিনজন অভিযুক্ত—বিশ্বকাপজয়ী স্পেন দলের কোচ হোর্হে ভিলদা, স্পেন ফুটবল ফেডারেশনের সাবেক বিপণন প্রধান রুবেন রিভেরা, এবং ফেডারেশনের সাবেক ক্রীড়া পরিচালক আলবার্ত লুকে।

চারজনই অভিযোগ অস্বীকার করেছেন, তবে ১৯ ফেব্রুয়ারি পর্যন্ত চলমান মামলার রায়ে তাদের ভাগ্য নির্ধারিত হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত