জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে সংঘটিত গণহত্যার ঘটনার মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আগামী অক্টোবরের মধ্যে তিন থেকে চারটি রায়ের প্রত্যাশার কথা জানিয়েছেন আইন উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুল।
মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) বিকেলে সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে এ আশাবাদ ব্যক্ত করে সংবাদ সম্মেলনে জুলাই-আগস্টে সংঘটিত হত্যাকাণ্ডের বিচারকাজের অগ্রগতি তুলে ধরেন তিনি। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল অধ্যাদেশ সংশোধনীর ফলে ট্রাইব্যুনাল গঠনের পর ইতিমধ্যে বিচারকাজে যথেষ্ট অগ্রগতি হয়েছে বলে জানান উপদেষ্টা।
আসিফ নজরুল বলেন, এই আদালত (আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল) কার্যক্রম শুরু করেছেন চার মাস আগে। এর মধ্যে ট্রাইব্যুনালে ৩০০টির বেশি অভিযোগ দায়ের করা হয়েছে। প্রসিকিউশন দল যাচাই-বাছাই করে আনুষ্ঠানিকভাবে ১৬টি মামলা করেছে। এর মধ্যে চারটি মামলার তদন্তকাজ চলতি মাসের মধ্যে শেষ হবে বলে তারা মনে করছেন। এরপর অভিযোগ গঠনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে বিচারকাজ শুরু হবে।
আইন উপদেষ্টা বলেন, ‘আনুষ্ঠানিকভাবে বিচারকাজ শুরুর পর আইন অনুযায়ী ডিফেন্স টিমকে (আসামিপক্ষের আইনজীবী) তিন সপ্তাহ সময় দিতে হয় তাদের প্রস্তুত হওয়ার জন্য। এই তিন সপ্তাহ সময় শেষ হলে আনুষ্ঠানিকভাবে সাক্ষ্য গ্রহণের প্রক্রিয়া শুরু হবে ঈদের পর এপ্রিল মাসে। এই আদালতে অব্যাহতভাবে শুনানি হয় বলে এসব মামলার রায় এপ্রিল থেকে শুরু করে পরবর্তী চার থেকে ছয় মাসের মধ্যে দেওয়া যাবে। এই হিসেবে অক্টোবরের মধ্যে আমরা তিন-চারটি মামলার রায় পেতে যাচ্ছি বলে আশা করি।’
আইন ও বিচার উপদেষ্টা বলেন, ‘এটা বিচারিক প্রক্রিয়ার ব্যাপার। কিন্তু তদন্ত টিম বিশেষ করে ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলামের সঙ্গে কথা বলে আমার এই ধারণা হয়েছে। এসব মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ আওয়ামী লীগের শীর্ষস্থানীয় নেতা, শীর্ষস্থানীয় কিছু পুলিশ ও প্রশাসনের কর্মকর্তা আসামি হিসেবে রয়েছেন।’
এদিকে বাংলাদেশের চাওয়ায় সাড়া দিয়ে ভারত ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত দেবে কি না, তা নিয়ে সংশয় প্রকাশ করেন আসিফ নজরুল। সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘এখন ভারতের যে মনোভঙ্গি, এটি দেখে মনে হচ্ছে, তারা নানা অজুহাতে এটিকে (শেখ হাসিনাকে ফেরত) নাকচ করার চেষ্টা করবে।’
বাংলাদেশের সঙ্গে ভারতের বন্দি প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী শেখ হাসিনাকে প্রত্যর্পণ করতে বলা হয়েছে উল্লেখ করে তিনি বলেন, ‘আমাদের এই আইনে (আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন) পলাতকদের বিচারের বিধান রয়েছে। সাধারণ খুনের ক্ষেত্রেও রয়েছে। আমরা তো আনার (শেখ হাসিনাকে) সর্বাত্মক চেষ্টা করছি। এখন ভারতের যে মনোভঙ্গি, এটা দেখে মনে হচ্ছে, তারা নানান অজুহাতে এটিকে নাকচ করার চেষ্টা করবে।’
ভারত শেখ হাসিনাকে আশ্রয় দিয়ে তাকে অবাধে বাংলাদেশ সম্পর্কে কুৎসামূলক, উসকানিমূলক, বিভ্রান্তিকর কথাবার্তা বলতে দিয়ে বাংলাদেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করছে বলে মন্তব্য করেন আইন ও বিচার উপদেষ্টা।
১৬ হাজার ‘গায়েবি’ মামলা প্রত্যাহার হচ্ছে
বিগত আওয়ামী লীগ সরকারের সময়ে নিপীড়নের উদ্দেশ্যে দায়ের করা ১৬ হাজার ৪২৯টি ‘গায়েবি’ মামলা প্রত্যাহার করা হবে বলে সংবাদ সম্মেলনে জানান আইন ও বিচার উপদেষ্টা ড. আসিফ নজরুল। এর মধ্যে ১ হাজার ২১৪টি মামলা আগামী এক সপ্তাহের মধ্যে প্রত্যাহার করা হবে বলে জানান তিনি।
আইন উপদেষ্টা বলেন, ‘১৬ হাজার ৪২৯টি মামলার তালিকা করা হয়েছে। প্রত্যেকটি মামলার রেকর্ড ঘেঁটে আমাদের দেখতে হয়, এটা সত্যিকার অর্থে রাজনৈতিক হয়রানিমূলক গায়েবি মামলা কি না। নাকি এটা কোনোরকম অনিয়ম বা কারচুপি করে ব্যক্তির বিরুদ্ধে ব্যক্তির মামলা ঢুকিয়ে দেওয়া হয়েছে। প্রতিটা কেস রেকর্ড দেখে দেখে নিশ্চিত হতে হচ্ছে।’ আসিফ নজরুল বলেন, ‘১৬ হাজার ৪২৯টি গায়েবি মামলার মধ্যে ১ হাজার ২১৪টি মামলা এক সপ্তাহের মধ্যে প্রত্যাহার করা হবে। আর ১ হাজার ২১৪টি মামলার মধ্যে ৫৩টি মামলা প্রত্যাহার সংক্রান্ত গেজেট আজকালের মধ্যেই প্রকাশ করা হবে।’
হুটহাট জামিন না দেওয়ার পরামর্শ
জেলে থাকা বা গ্রেপ্তার আসামিদের যেন হুটহাট জামিন না দেওয়া হয়— এ ব্যাপারে বিচারকদের প্রতি আহ্বান জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল।
তিনি বলেন, ‘আমাদের যারা জজ (বিচারক) আছেন তাদের কাছে আমাদের অনুরোধ, আপনারা যে বিগার পিকচার অফ এটা মাথায় রাখবেন। আপনারা হুটহাট করে জামিন দেবেন না। জামিন পাওয়ার পরে একজন মানুষ দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির জন্য যদি ভয়াবহ হয়ে ওঠে, যদি পালিয়ে যাওয়ার চেষ্টা করে একই অপরাধ আবার করার চেষ্টা করে তাহলে জামিন দেওয়ার ক্ষেত্রে আপনাদের বিচার্য বিষয় হওয়ার কথা না। আবার যিনি জামিনের যোগ্য গত আমলের মতো তাকেও জামিন থেকে বঞ্চিত করবেন না। ওভারঅল যে সিচুয়েশন সেটা মাথার মধ্যে রাখবেন।’
রাজধানীর রাজারবাগ পুলিশ অডিটোরিয়ামে আয়োজিত ‘দেশের পরিবর্তিত পরিস্থিতিতে মানবাধিকার ও পরিবেশের ওপর গুরুত্বসহ আইন প্রয়োগ’ বিষয়ে কর্মশালায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
