নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ২৫ নম্বর ওয়ার্ডের দেউলী চৌরাপাড়া, লক্ষণখোলা, দাসেরগাঁ এলাকায় বিরাজ করছে বিশুদ্ধ পানির তীব্র সংকট। বন্দরের ২৫ নম্বর ওয়ার্ডের দেউলী চৌরাপাড়ার পাম্পটি দীর্ঘদিন ধরে বিকল রয়েছে।
গত দুই সপ্তাহ ধরে বিকল হয়ে রয়েছে দাসেরগাও এলাকায় অবস্থিত পাম্পটি। দীর্ঘদিন ধরে পানির পাম্প বিকল থাকায় পানির জন্য হাহাকার অবস্থা বিরাজ করছে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন ২৫ নম্বর ওয়ার্ডের এসব এলাকায়।
এলাকাাবসী জানান, কয়েক বছর আগে পানি সরবরাহের দায়িত্ব নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের উপর ন্যস্ত করে ওয়াসা। সিটি করপোরেশন দায়িত্ব নেওয়ার পর পানি সরবরাহ ব্যবস্থা আরও খারাপ হয়ে যায়। নাসিকের ২৫ নম্বর ওয়ার্ডটি মূলত দেউলী চৌরাপাড়া ও দাসেরগাও পাম্পের উপর নির্ভরশীল। এর আগে চৌরাপাড়া পাম্পটি দীর্ঘদিন ধরে বিকল রয়েছে।
দাসেরগাও পাম্প থেকে লাইনে কিছু পানি এলে অল্প সংখ্যক মানুষ পানি সংগ্রহ করে থাকেন। সেই পাম্পটিও দুই সপ্তাহ ধরে বিকল। ফলে পানির তীব্র সংকট দেখা দিয়েছে। বালতি, কলস নিয়ে পানির সন্ধানে মানুষ এদিক ওদিক ছুটোছুটি করছেন।
ভুক্তভোগী এলাকাবাসী জানান, দীর্ঘদিনেও চৌরাপাড়া পাম্পটি সচল করার কোনো উদ্যোগ নেয়নি কর্তৃপক্ষ। দাসেরগাঁ পাম্পটি বিকল হওয়ার পরে বিষয়ে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রকৌশলীদের জানানো হলেও তারা কোনো পদক্ষেপ নেয়নি। ২৫ নম্বর ওয়ার্ডের ডালডার মিল মোড় থেকে দাসেরগাও এলাকা পর্যন্ত পানির তীব্র সংকট বিরাজ করছে। আসন্ন রমজানের আগেই পাম্পগুলো সংস্কারের দাবি এলাকাবাসীর। অন্যথায় পানির দাবিতে তারা আন্দোলনে নামতে বাধ্য হবেন।
এ বিষয়ে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা জাকির হোসেন জানান, বুধবার দুপুরে স্থানীয় এক অধিবাসী আমাকে মুঠোফোনে পানির পাম্প বিকল হওয়ার বিষয়টি জানিয়েছেন। এ বিষয়ে দ্রুত ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের নির্দেশনা দেওয়া হয়েছে। আশা করছি খুব দ্রুতই ওই ওয়ার্ডে পানির সমস্যার সমাধান হবে।
