বুমরার না থাকা তরুণদের সুযোগ হিসেবে দেখছেন গম্ভীর

আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১২:৩০ পিএম

ভারতীয় দলের জন্য বড় ধাক্কা! চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫ থেকে ছিটকে গেলেন দেশটির সেরা পেসার জাসপ্রিত বুমরাহ। ভারতের ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা বিসিসিআই এক বিবৃতিতে নিশ্চিত করেছে, পিঠের নিচের অংশের চোটের কারণে টুর্নামেন্টে খেলতে পারবেন না এই ডানহাতি পেসার।

বুমরাহর চোটের খবর আসার আগেই পিটিআই এক প্রতিবেদনে জানিয়েছিল, বেঙ্গালুরুর ন্যাশনাল ক্রিকেট একাডেমির (এনসিএ) স্পোর্টস ও মেডিকেল সায়েন্স দল তার খেলার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নির্বাচক কমিটির ওপর ছেড়ে দিয়েছিল। পুনর্বাসন শেষ করার পর মেডিক্যালি ফিট ঘোষণা করা হলেও বড় টুর্নামেন্টে বল করার জন্য তিনি প্রস্তুত কিনা, তা নিয়ে সংশয় ছিল।

ভারতের প্রধান কোচ গৌতম গম্ভীর বিষয়টি নিয়ে মুখ খুলেছেন। তিনি জানিয়েছেন, চোটের বিস্তারিত তথ্য শুধুমাত্র মেডিকেল টিম জানে। 'অবশ্যই সে ছিটকে গেছে। তবে কতদিনের জন্য, তা বলা আমার পক্ষে সম্ভব নয়। এনসিএর মেডিকেল টিমই সেটি নির্ধারণ করবে,' বলেছেন গম্ভীর।

বুমরাহর অনুপস্থিতি ভারতীয় দলে বিশাল প্রভাব ফেলবে বলে মনে করেন গম্ভীর। তবে এই সুযোগ কাজে লাগানোর বার্তা দিয়েছেন তরুণ বোলারদের। 'আমরা তাকে দলে চাইছিলাম, সে বিশ্বমানের এক বোলার। কিন্তু কিছু বিষয় আমাদের হাতে থাকে না। এটি হার্সিত রানা ও অর্জদীপ সিংয়ের জন্য সুযোগ নিজেকে প্রমাণ করার। হার্সিত পুরো সিরিজে দুর্দান্ত বোলিং করেছে, আর আর্শদীপ কী করতে পারে, তা আমরা জানি। এছাড়া দলে মোহাম্মদ শামির মতো অভিজ্ঞ বোলার আছে, যা আমাদের জন্য ভালো দিক,' বলেছেন গম্ভীর।

বুমরাহর বদলি হিসেবে দলে ঢুকেছেন হার্সিত রানা। এছাড়া স্কোয়াডে আরেকটি পরিবর্তন এসেছে—যশস্বী জয়সওয়ালের জায়গায় যুক্ত হয়েছেন স্পিনার বরুণ চক্রবর্তী।

ভারতের চ্যাম্পিয়ন্স ট্রফি স্কোয়াড

মূল দল: রোহিত শর্মা (অধিনায়ক), শুবমন গিল (সহ-অধিনায়ক), বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, কেএল রাহুল (উইকেটকিপার), রিশাভ পান্থ (উইকেটকিপার), হার্দিক পান্ডিয়া, অক্ষর প্যাটেল, ওয়াশিংটন সুন্দর, কুলদীপ যাদব, হর্ষিত রানা, মোহাম্মদ শামি, আর্শদীপ সিং, রবীন্দ্র জাদেজা, বরুণ চক্রবর্তী।

নন-ট্রাভেলিং সাবস্টিটিউটস: যশস্বী জয়সওয়াল, মোহাম্মদ সিরাজ ও শিভাম দুবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত