চ্যাম্পিয়নস ট্রফিতে দেখা যাবে না যে তারকাদের

আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ০৪:২৫ পিএম

এবারের চ্যাম্পিয়নস ট্রফির আগে ইনজুরিসহ বিভিন্ন কারণে ছিটকে গেছেন বেশ কিছু তারকা ক্রিকেটার। এর মাঝে অস্ট্রেলিয়ারই বেশি। প্রাথমিক স্কোয়াড থেকে পাঁচজন ছিটকে গেছেন। সেরা পেসারদের মধ্যে কেউই নেই। এছাড়া ভারত, পাকিস্তান, দক্ষিণ আফ্রিকা ও বাংলাদেশের বেশ কয়েকজন তারকা ক্রিকেটারকে দেখা যাবে না এবারের আসরে।

সদ্য সমাপ্ত বিপিএলের মাঝে অবসর নিয়েছেন তামিম ইকবাল। তাকে আর আন্তর্জাতিক ক্রিকেটে দেখা যাবে না। বোলিং অ্যাকশনের ত্রুটির কারণে দলে সুযোগ হয়নি সুপারস্টার সাকিব আল হাসানের। সম্প্রতি আঙুলে চোট পেয়েছেন সৌম্য সরকার, যদিও সেই চোট গুরুতর নয়। তাকে নিয়েই চ্যাম্পিয়নস ট্রফিতে যাবে বাংলাদেশ।

সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছে অস্ট্রেলিয়া। নিয়মিত অধিনায়ক তথা পেস আক্রমণের অন্যতম নেতা প্যাট কামিন্স ছিটকে গেছেন। এছাড়া দুই পেস সুপারস্টার মিচেল স্টার্ক ও জশ হ্যাজেলউড নেই। চোটের কারণে আগেই ছিটকে গেছেন ক্যামেরন গ্রিন। আরও থাকছেন না মিচেল মার্শ এবং অবসর ঘোষণা করা অল-রাউন্ডার মার্কাস স্টয়নিস। অনেকটা দ্বিতীয় সারির অস্ট্রেলিয়া দলকে নেতৃত্ব দেবেন স্টিভেন স্মিথ।

ভারতের জন্য সবচেয়ে বড় ধাক্কা হয়ে এসেছে পেস আক্রমণের নেতা জসপ্রিত বুমরার ইনজুরি। অনেক চেষ্টাতেও তাকে খেলার জন্য প্রস্তুত করা যায়নি। বুমরার বদলে ভারত দলে নিয়েছে হর্ষিত রানাকে।

পিঠের চোটে ছিটকে গেছেন আলোড়ন তোলা ১৮ বছর বয়সী আফগান স্পিনার এএম গজনফর। এছাড়া চোটের কারণে নেই রহস্য স্পিনার মুজিব উর রহমান।

পাকিস্তানের সাইম আইয়ুব চোটের কারণে আগেই ছিটকে গেছেন। এই মুহূর্তে স্বাগতিকদের বড় দুশ্চিন্তা পেসার হারিস রউফকে নিয়ে। সাইড স্ট্রেইনে আক্রান্ত ৩১ বছর বয়সী এই ফাস্ট বোলারকে আপাতত পর্যবেক্ষণে রেখেছে পাকিস্তান।

নিউজিল্যান্ডের দুজনকে নিয়ে শঙ্কা আছে। হ্যামস্ট্রিং ইনজুরিতে আক্রান্ত হয়েছেন পেসার লকি ফার্গুসন। তাকে নিয়ে দুশ্চিন্তা আছে। এছাড়া চলতি ত্রিদেশীয় সিরিজে ক্যাচ নিতে গিয়ে মুখে আঘাত পেয়েছেন রাচিন রবীন্দ্র। দুজনকেই পর্যবেক্ষণে রেখেছে নিউজিল্যান্ড।

পিঠের চোটে পড়ে চ্যাম্পিয়নস ট্রফিতে খেলা হচ্ছে না দক্ষিণ আফ্রিকার তারকা পেসার আনরিখ নর্কিয়ার। তার বদলি হিসেবে ভাবা হয়েছিল জেরার্ড কুটসিয়াকে। তিনিও ছিটকে গেছেন কুঁচকির চোটে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত