দাউদকান্দি

অবৈধ ড্রেজার উচ্ছেদ অভিযানে হামলা, পুলিশসহ আহত ৬

আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ০৭:০৬ পিএম

কুমিল্লার দাউদকান্দিতে অবৈধ ড্রেজার উচ্ছেদ অভিযান চলাকালে হামলায় পুলিশসহ ৬ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) বেলা ১১টায় উপজেলার ইলিয়টগঞ্জ দক্ষিণ ইউনিয়নের লক্ষিপুর গ্রামে এ হামলার ঘটনা ঘটে। দাউদকান্দি মডেল থানার ওসি মো. জুনায়েত চৌধুরী দেশ রূপান্তরকে এ তথ্য নিশ্চিত করেছেন।

আহতরা হলেন— দাউদকান্দি মডেল থানার এসআই মো. মোহসিন (৩২), কনস্টেবল আতিকুর রহমান, সজল, নুরুল আবসার, ইলিয়টগঞ্জ দক্ষিণ ইউনিয়নের ভূমি কর্মকর্তা জয়নার আবেদিন ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ের সায়রাত সহকারী শাহাদাৎ হাসান। গুরুতর আহত এসআই মোহসিনকে রাজধানীর পুলিশ হাসপাতালে পাঠানো হয়েছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, উপজেলার ইলিয়টগঞ্জ দক্ষিণ ইউনিয়নের লক্ষিপুর গ্রামে কৃষি জমি ও মৎস্য প্রকল্পে অবৈধ ড্রেজার দিয়ে মাটি উত্তোলন বন্ধে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. রেদওয়ান আহমেদ পুলিশসহ মোবাইল কোর্ট পরিচালনা করতে যায়। ঘটনাস্থলে যাওয়ার সঙ্গে সঙ্গে ড্রেজার পরিচালনাকারীরা অভিযানে অংশে নেওয়া সদস্যদের ওপর হামলা চালায়। এতে পুলিশের এসআই মোহসিন ও ইউনিয়ন ভূমি কর্মকর্তাসহ ৬ জন আহত হয়।

দাউদকান্দি মডেল থানার ওসি মো. জুনায়েত চৌধুরী বলেন, ‘অবৈধ ড্রেজার উচ্ছেদ অভিযানে সন্ত্রাসী হামলা থেকে ম্যাজিস্ট্রেট (উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. রেদওয়ান আহমেদ) স্যারকে রক্ষা করতে গিয়ে চার পুলিশ সদস্য আহত হয়েছেন। হামলার ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে।’

অভিযান পরিচালনাকারী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. রেদওয়ান আহমেদ বলেন, ‘অবৈধ ড্রেজার বন্ধে আমাদের নিয়মিত অভিযান। আজ অভিযান চলাকালে অতর্কিত হামলাকারীদের চিহ্নিত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত