ক্যানসার চিকিৎসার সফলতা নির্ভর করে রোগীদের ফলোআপ ব্যবস্থার ওপর। ফলোআপ ক্যানসার চিকিৎসার একটি গুরুত্বপূর্ণ অংশ বা অধ্যায়। নির্ধারিত চিকিৎসা সম্পন্ন হওয়ার পর নির্দিষ্ট সময় অন্তর নিয়মিত ফলোআপ পরীক্ষার জন্য ক্যানসার চিকিৎসার স্বীকৃত কেন্দ্রগুলোয় উপস্থিত হতে হবে। এটা নির্ভর করে রোগের ধরন, প্রাপ্ত চিকিৎসা, রোগীর শারীরিক অবস্থা, সামাজিক, পারিপার্শ্বিক ও অর্থনৈতিক অবস্থার ওপর।
ফলোআপ পরীক্ষার সময় করণীয়
রোগীর কোনো নতুন অভিযোগ
থাকলে তা জানানো। চিকিৎসা গ্রহণের আগের অবস্থার সঙ্গে বর্তমান অবস্থার তুলনা করা। চিকিৎসকের উপদেশ অনুযায়ী শারীরিক পরীক্ষা করানো। প্রয়োজনীয় প্যাথলজিক্যাল পরীক্ষা করানো। ব্যবস্থাপত্র অনুযায়ী নির্দেশ মেনে চলা।
পুনর্বাসন
নির্ধারিত চিকিৎসা সম্পন্ন হওয়ার পর জীবন স্বাভাবিক হয়ে এলে সমাজে আবার প্রতিষ্ঠিত হওয়ার নামই পুনর্বাসন। ক্যানসার চিকিৎসার ক্ষেত্রে পুনর্বাসন একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। সফল ক্যানসার চিকিৎসা রোগীর সব অঙ্গ-প্রত্যঙ্গ অক্ষত রেখে ফিরিয়ে দেয় সহজ স্বাভাবিক জীবন। তবে জীবন রক্ষার্থে কখনো কখনো অঙ্গহানিও ঘটে যায়। এসব রোগীদের পুনর্বাসন কষ্টসাধ্য হলেও অঙ্গ প্রতিস্থাপন অনেক ক্ষেত্রেই সফল করা যায়।
বর্তমানে ক্যানসার পদ্ধতির উন্নতির ফলে তুলনামূলকভাবে বেশি সংখ্যক ক্যানসার রোগী দীর্ঘ জীবন লাভ করছেন। জীবন ফিরে পাওয়া ক্যানসার রোগীদের জীবনের মান উন্নত করাই পরবর্তী চিকিৎসার লক্ষ্য।
ক্যানসার নিয়ন্ত্রণে আশার বাণী
এক-তৃতীয়াংশ (৩৩.৩৩ শতাংশ) ক্যানসার প্রতিরোধযোগ্য,এক-তৃতীয়াংশ (৩৩.৩৩ শতাংশ) ক্যানসার নিরাময়যোগ্য এবং এক-তৃতীয়াংশ (৩৩.৩৪ শতাংশ) ক্যানসার পেলিয়েশনযোগ্য (ব্যথা ও কষ্ট কমানো এবং কোয়ালিটি অব লাইফ ইম্প্রুভ করা সম্ভব)।
সবাই ক্যানসারের সার্বিক প্রতিরোধে দ্রুত ও সঠিক রোগ নির্ণয়ে এবং উপযুক্ত চিকিৎসা পদ্ধতি গ্রহণ করে এই কালব্যাধি ক্যানসার নিয়ন্ত্রণে সবার এগিয়ে আসা উচিত।
