‘আয় আয় আইজ্যা খেলা খাই .... । আয় আয় গুলি গরাই ...।’ (আসো আসো আজকে খেলা করি। আসো আসো গুলি কর)। গতকাল বুধবার বিকেলে মাদকের বিরোধ নিয়ে এলাকায় আধিপত্য বিস্তারের জেরে এমন কথা বলে বন্দুক উঁচিয়ে গোলাগুলি করে কক্সবাজারের উখিয়ায় যুবদলের দুই পক্ষ। এতে কেউ আহত না হলেও ভয়ে ও আতঙ্কে ব্যবসায়ীরা দোকানপাট বন্ধ করে পালিয়ে যায়।
মিয়ানমার সীমান্তঘেঁষা উখিয়ার পালংখালী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের বটতলী স্টেশনে যুবদল নেতা জয়নালের গ্রুপ এবং ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক আবুল ফয়েজের অনুসারীরা ওই গোলাগুলিতে লিপ্ত হয়। পরে পুলিশ ও বিজিবি গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এই ঘটনার একটি ভিডিও সামাজিক মাধ্যমে ফেসবুকে ছড়িয়ে পড়েছে।
পুলিশ, স্থানীয় ব্যবসায়ী ও প্রত্যক্ষদর্শীরা জানান, ইয়াবা-সংক্রান্ত বিরোধ, আধিপত্য বিস্তার ও পূর্বশত্রুতার জেরে স্থানীয় যুবদল নেতা আবুল ফয়েজ ও সাবেক ছাত্রদল নেতা জয়নালের অনুসারীদের মধ্যে এ ঘটনা ঘটে। এ সময় মাদক কারবারি হিসেবে পরিচিত উখিয়া ছাত্রদলের সাবেক আহ্বায়ক শাহাদাত হোসেন মুন্না গুলি ছুড়েন। এ সময় তার পাশে আরফাত নামের আরেকজন ও বন্দুক হাতে ছিলেন। এ ছাড়া আরও দুজনের হাতে ধারালো অস্ত্র ছিল।
নামপ্রকাশ্যে অনিচ্ছুক বাজারের এক ব্যবসায়ী বলেন, বিকেলে আবুল ফয়েজ ও তার অনুসারীরা একটি দোকানে বসেছিল। হঠাৎ মুন্না এসে দূর থেকে গুলি ছুড়ে। এরপর দুই পক্ষের মধ্যে ইট পাটকের নিক্ষেপ ও গোলাগুলির ঘটনা ঘটে। সে সময় কেউ আহত হয়নি। তবে ব্যবসায়ীরা আতঙ্কিত হয়ে দোকানপাট বন্ধ করে নিরাপদ স্থানে চলে যায়। তারপর ঘটনাস্থলে বিজিবি ও পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
ভিডিওতে দেখা গেছে, প্রকাশ্যে পিস্তল উঁচিয়ে প্রতিপক্ষের দিকে গুলি ছুড়ছেন এক যুবক। তার পাশে কিরিচ হাতে আছেন অন্য দুজন। এভাবেই কক্সবাজারের উখিয়ার পালংখালী ইউনিয়নের বটতলী বাজারে প্রতিপক্ষের ওপর হামলা হয়। ঘটনার পরপর সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে গুলিবর্ষণের একটি ভিডিও ছড়িয়ে পড়ে। এ বিষয়ে অভিযুক্ত জয়নাল আবেদীন বলেন, তিনি ঘটনাস্থলে ছিলেন না। মুন্না তার অনুসারী নন। তার দাবি, একটি ফুটবল ম্যাচের বিরোধকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে গুলির ঘটনা ঘটেছে। অন্যদিকে আবুল ফয়েজের মুঠোফোন বন্ধ থাকায় তার বক্তব্য জানা সম্ভব হয়নি। তবে প্রকাশ্য বাজারে যুবদলের নেতাকর্মীদের গুলিবর্ষণের বিষয়ে জানতে চাইলে উখিয়া উপজেলা বিএনপির সভাপতি সরওয়ার জাহান চৌধুরী বলেন, ফুটবল ম্যাচের ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে গুলিবর্ষণের ঘটনা ঘটেছে বলে তিনি শুনেছেন। এ নিয়ে দুই পক্ষের সঙ্গে উপজেলা বিএনপির নেতাদের জরুরি বৈঠক ডাকা হয়েছে। বৈঠকে ইয়াবা নিয়ে বিরোধ, অবৈধ অস্ত্র প্রদর্শন কিংবা গুলির ঘটনা প্রমাণিত হলে অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
পালংখালি ইউপি চেয়ারম্যান গফুর উদ্দিন চৌধুরী বলেন, গতকালকের ঘটনার সঙ্গে জড়িত উভয়পক্ষ যুবদলের রাজনীতিতে সক্রিয়। তবে কেন গোলাগুলি হয়েছে আমার জানা নেই।
উখিয়া থানার ওসি আতিকুর রহমান বলেন, উভয়পক্ষই মাদককারবারী। এলাকার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে তারা গোলাগুলিতে লিপ্ত হয়। এলাকাটি সীমান্ত ঘেঁষা। এর দেখভালের দাযিত্ব বিজিবি’র। তবুও পুলিশ ও এসআরবি ঘটনার সঙ্গে জড়িতদের ধরতে চিরুনি অভিযান শুরু করেছে।