সংসদে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী

রাজাকার, আলবদর ও মুক্তিযুদ্ধবিরোধীদের তালিকা করবে সরকার

আপডেট : ১২ নভেম্বর ২০২৬, ০১:৪৮ এএম

একাত্তরে মহান মুক্তিযুদ্ধের সময়কার রাজাকার, আলবদর, আল শামস ও মুক্তিযুদ্ধের বিরোধিতাকারীদের তালিকা তৈরি করবে সরকার। গতকাল বুধবার জাতীয় সংসদ অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে নওগাঁ-৪ আসনের সংসদ সদস্য ইকরামুল বারী টিপুর প্রশ্নের জবাবে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান এ তথ্য জানিয়েছেন। মন্ত্রী বলেন, ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে শহীদের তালিকা প্রস্তুত ও প্রকৃত মুক্তিযোদ্ধাদের নির্ভুল তালিকা তৈরির কাজ অগ্রাধিকারভিত্তিতে করছে। রাজাকার, আলবদর, আল শামস বা মহান মুক্তিযুদ্ধের বিরোধিতাকারীদের তালিকা তৈরির বিষয়টি পরে বিবেচনা করা হবে।

ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলায় জরাজীর্ণ মুক্তিযোদ্ধা কমপ্লেক্স সংস্কারের বিষয়ে প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ৫ আগস্টের পর দেশের বিভিন্ন স্থানে কয়েকশ মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ক্ষতিগ্রস্ত হয়েছে। এসব কমপ্লেক্স ভাঙচুর ও অন্যভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার তথ্য মন্ত্রণালয়ে এসেছে। ক্ষতিগ্রস্ত অনেক কমপ্লেক্স সংস্কারের জন্য ইতিমধ্যে অর্থ বরাদ্দ দেওয়া হয়েছে। আর্থিক সীমাবদ্ধতার কারণে পর্যায়ক্রমে সংস্কারকাজ করা হচ্ছে। ফুলবাড়িয়ার মুক্তিযোদ্ধা কমপ্লেক্সটি সংস্কার করে দ্রুত ব্যবহার উপযোগী করতে প্রয়োজনীয় বরাদ্দ দেওয়া হবে বলে আশ্বাস দেন। একই সঙ্গে কমপ্লেক্সে অসামাজিক কর্মকা- প্রতিরোধ এবং এর স্বাভাবিক ব্যবহার নিশ্চিত করতে মন্ত্রণালয়ের পক্ষ থেকে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে।

বিরোধী দলীয় সংসদ সদস্য মো. কামরুল হাসানের প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, প্রকৃত মুক্তিযোদ্ধাদের নিজস্ব জমিতে বাড়ি নির্মাণ করে দিতে আগামী বছর থেকে আবাসন প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের কাজ শুরু করতে যাচ্ছে সরকার। এ পর্যায়ে স্বচ্ছতা ও দুর্নীতিমুক্তভাবে প্রকৃত উপকারভোগীদের আবাসন সুবিধা নিশ্চিত করতে নিজস্ব জমি রয়েছে এমন মুক্তিযোদ্ধাদের তালিকা প্রস্তুত করা হচ্ছে। আবাসন প্রকল্পের প্রথম পর্যায় বাস্তবায়নে ব্যাপক দুর্নীতির অভিযোগ ওঠায় সরকার ইতিমধ্যে ওই পর্যায়ের কার্যক্রম স্থগিত করেছে। দ্বিতীয় পর্যায় বাস্তবায়নের প্রস্তুতি হিসেবে এখন প্রকৃত মুক্তিযোদ্ধাদের তালিকা তৈরির কাজ চলছে। সবকিছু ঠিক থাকলে আগামী বছর থেকেই এ পর্যায়ের কাজ শুরু করা সম্ভব হবে।

আগের পর্যায়ের সীমাবদ্ধতার কথা তুলে ধরে মন্ত্রী আহমেদ আযম খান বলেন, জমির মালিকানা নিয়ে জটিলতার কারণে অনেক যোগ্য মুক্তিযোদ্ধা আবাসন সুবিধা থেকে বঞ্চিত হয়েছেন। এ ধরনের সমস্যা এড়াতে নিজস্ব নির্ধারিত জমি রয়েছে এমন প্রকৃত মুক্তিযোদ্ধাদের যাচাই-বাছাই করে তালিকাভুক্ত করা হচ্ছে। এতে সঠিক জমিতে বাড়ি নির্মাণ এবং প্রকৃত উপকারভোগীদের কাছে সরকারি সুবিধা পৌঁছানো সম্ভব হবে।

সর্বশেষ সর্বাধিক পঠিত