নিউমোনিয়ায় দেশে দিনে প্রাণ যায় ৬৬ শিশুর

আপডেট : ১২ নভেম্বর ২০২৬, ০১:৪৫ এএম

নিউমোনিয়া প্রতিরোধ ও প্রতিকারযোগ্য রোগ। অথচ এতে দেশে প্রতিদিন গড়ে মৃত্যু হয় প্রায় ৬৬ শিশুর। ঘণ্টার হিসেবে মারা যায় দুই থেকে তিন শিশু। আর প্রতি বছর মারা যায় পাঁচ বছরের কম বয়সী প্রায় ২৪ হাজার শিশু। নিউমোনিয়া শুধু শিশুদের রোগ নয়; পাঁচ বছরের কম বয়সী শিশু, বিশেষ করে নবজাতক এবং ৬৫ বছরের বেশি বয়সী প্রবীণরা এ রোগে সবচেয়ে বেশি ঝুঁকিতে থাকেন। তবে বয়স্কদের কতজনের এতে মৃত্যু হয়, তার নির্দিষ্ট তথ্য জানা যায়নি। বিশেষজ্ঞদের মতে, অপুষ্টি, টিকাদানের ঘাটতি, বায়ুদূষণ, ধূমপান, দীর্ঘমেয়াদি রোগ এবং চিকিৎসা পেতে দেরি হওয়ায় নিউমোনিয়া প্রাণঘাতী হয়ে উঠতে পারে।

এমন বাস্তবতায় আজ ১২ নভেম্বর পালিত হচ্ছে বিশ্ব নিউমোনিয়া দিবস। দিবসের এবারের প্রতিপাদ্য ‘নিউমোনিয়া নিয়ন্ত্রণে নতুন যুগ’। প্রাণঘাতী অথচ প্রতিরোধ ও চিকিৎসাযোগ্য এ রোগ সম্পর্কে সচেতনতা বাড়ানো, আক্রান্ত ব্যক্তিকে দ্রুত শনাক্ত করা এবং সময়মতো চিকিৎসা নিশ্চিত করাই দিবসটির মূল উদ্দেশ্য।

চিকিৎসাবিজ্ঞানের মতে, নিউমোনিয়া হলো ফুসফুসের সংক্রমণজনিত প্রদাহ। ভাইরাস, ব্যাকটেরিয়া কিংবা ছত্রাকের সংক্রমণে এ রোগ হতে পারে। যখন কেউ কোনো রোগে আক্রান্ত হয়ে দুর্বল হয়ে পড়েন, তখন তাকে সংক্রমিত করার চেষ্টা করে। সংক্রমণের ফলে ফুসফুসের বায়ুথলি বা অ্যালভিওলাইয়ে তরল কিংবা পুঁজ জমে যায়। এতে ফুসফুসে অক্সিজেন প্রবেশ ও রক্তে অক্সিজেন সরবরাহ বাধাগ্রস্ত হয়। গুরুতর অবস্থায় রোগীর শ্বাসকষ্ট, অক্সিজেনের ঘাটতি এমনকি শ্বাসযন্ত্র বিকল হয়ে মৃত্যুও হতে পারে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্যমতে, নিউমোনিয়া পাঁচ বছরের কম বয়সী শিশুদের মৃত্যুর অন্যতম প্রধান সংক্রামক কারণ। ২০১৯ সালে বিশ্বে এ রোগে পাঁচ বছরের কম বয়সী প্রায় ৭ লাখ ৪০ হাজার শিশুর মৃত্যু হয়েছিল।

আন্তর্জাতিক উদরাময় গবেষণাকেন্দ্র, বাংলাদেশের (আইসিডিডিআরবি) নির্বাহী পরিচালক ড. তাহমিদ আহমেদ বলেন, ডায়রিয়া শিশুমৃত্যুর প্রধান ঘাতক হলেও বর্তমানে নিউমোনিয়া শিশুমৃত্যুর প্রধান কারণ।

নিউমোনিয়ায় প্রতি বছর বিশ্বব্যাপী অনেক শিশু মারা যায়। আক্রান্ত হন প্রাপ্তবয়স্করাও। তাদেরও মৃত্যুঝুঁকি রয়েছে।

আইসিডিডিআরবির জ্যেষ্ঠ বিজ্ঞানী ড. মোহাম্মদ জোবায়ের চিশতী বলেন, নিউমোনিয়া এখনো বিশ্বব্যাপী পাঁচ বছরের কম বয়সী শিশুমৃত্যুর প্রধান কারণ। এ রোগে প্রতি বছর প্রায় ৭ লাখ শিশুর মৃত্যু হয়, যা পাঁচ বছরের কম বয়সী শিশুর সব মৃত্যুর ১৪ শতাংশ। বাংলাদেশে এর পরিস্থিতি কিছুটা খারাপ। নিউমোনিয়ায় মারা যায় প্রতি ঘণ্টায় আনুমানিক ২-৩ জন শিশু, বছরে প্রায় ২৪ হাজার। এটি পাঁচ বছরের কম বয়সী শিশুদের মধ্যে ২৪ শতাংশ মৃত্যুর জন্য দায়ী, যা বিশ্বব্যাপী গড় হিসাবের থেকে বেশি।

২০১৯ ও ২০২১ সালে আইসিডিডিআরবির গবেষণায় অ্যান্টিবায়োটিকের বিরুদ্ধে প্রতিরোধী, গ্রাম-নেগেটিভ ব্যাকটেরিয়ার সংক্রমণের বিষয়টি উঠে আসে। এই ফল দেখায় বিরল গ্রাম-নেগেটিভ ব্যাকটেরিয়া শৈশবকালে নিউমোনিয়ার নতুন কারণ হিসাবে আবির্ভূত হচ্ছে। এ অবস্থায় প্রতিরোধমূলক কৌশল তুলে ধরে ড. চিশতী আইসিডিডিআরবির গবেষণায় প্রাপ্ত ফলের উদ্ধৃতি দিয়ে বলেন, ঘরের মধ্যে বাতাসের গুণগতমান উন্নত করার মাধ্যমে নিউমোনিয়া মৃত্যুর ঝুঁকি অর্ধেক করা সম্ভব। ২০০৭ ও ২০২০ সালে আইসিডিডিআরবির ভ্যাকসিন নিয়ে করা গবেষণায় বাংলাদেশের প্রেক্ষাপটে উপযোগী হতে পারে এমন একটি টিকা নিয়ে আলোকপাত করা হয়।

আইসিডিডিআরবির গবেষণায় দেখা গেছে, গর্ভবতী নারীদের আরএসভি ভ্যাকসিন দেওয়া হলে তা নবজাতক শিশুদের গুরুতর নিউমোনিয়া ও হাইপোক্সেমিয়া (রক্তে অক্সিজেনের স্বল্পতা) প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। শিশুদের সুরক্ষার ক্ষেত্রে, শিশুর জন্মের প্রথম ছয় মাস শুধু মায়ের বুকের দুধ খাওয়ানো একটি বড় ভূমিকা পালন করে। ফলে নিউমোনিয়া হওয়ার সম্ভাবনা ১৫ শতাংশ কমে যায়।

সর্বশেষ বাংলাদেশ ডেমোগ্রাফিক অ্যান্ড হেলথ সার্ভে (বিডিএইচএস) ২০২২ থেকে দেখা যায়, বাংলাদেশে গত পাঁচ বছরে শিশুর জন্মের প্রথম ছয় মাস শুধু মায়ের বুকের দুধ খাওয়ানোর হার উল্লেখযোগ্য হারে কমেছে (৬৫ থেকে ৫৫ শতাংশ)। আরেকটি উদ্বেগ হলো শৈশবকালে অপুষ্টি, যা নিউমোনিয়ার ঝুঁকি ১৫ গুণ বাড়িয়ে দেয় এবং এটি এখনো একটি গুরুতর সমস্যা, যেখানে ৮ শতাংশ শিশু ওয়েস্টিং বা উচ্চতার তুলনায় কম ওজনসম্পন্ন সমস্যার সম্মুখীন হয়।

২০২৬ সালে বাংলাদেশের হামের প্রাদুর্ভাব নিউমোনিয়ার ঝুঁকিকে নতুন করে সামনে এনেছে। হামের অন্যতম মারাত্মক জটিলতা হলো নিউমোনিয়া। হাম হলে শিশুর রোগপ্রতিরোধ ক্ষমতা দুর্বল হয়ে পড়ে। ফলে ভাইরাস নিজেই ফুসফুসে সংক্রমণ ঘটাতে পারে। পাশাপাশি ব্যাকটেরিয়ার সংক্রমণও যুক্ত হয়ে পরিস্থিতি জটিল করে তুলতে পারে।

ঢাকা সংক্রামক ব্যাধি হাসপাতালে ২৩ আগস্ট পর্যন্ত হামের সন্দেহভাজন ও নিশ্চিত ৫৭ রোগীর মৃত্যুর তথ্য পর্যালোচনা করা হয়। এর মধ্যে ৫০ জনের মৃত্যুর সঙ্গে নিউমোনিয়ার সংশ্লিষ্টতা পাওয়া যায়। অর্থাৎ ওই হাসপাতালে পর্যালোচনা করা মৃত্যুর প্রায় ৮৭.৭ শতাংশের ক্ষেত্রে নিউমোনিয়া ছিল।

নিউমোনিয়া থেকে জীবন রক্ষায় স্বল্প খরচের চিকিৎসা পদ্ধতি আবিষ্কার করেছে আইসিডিডিআরবির বিজ্ঞানী ড. মোহাম্মদ জোবায়ের চিশতী। যদিও তা সারা দেশে সম্প্রসারণ সম্ভব হয়নি। ওই পদ্ধতির নাম বাবল সিপ্যাপ। এটি বিশ্ব স্বাস্থ্য সংস্থার স্ট্যান্ডার্ড অক্সিজেন থেরাপির তুলনায় প্রায় ৭৫ শতাংশ মৃত্যুহার হ্রাস করতে সক্ষম। এই ডিভাইসটি ইথিওপিয়ার ১৬টি হাসপাতালে সফলভাবে ব্যবহার করা হচ্ছে।

আইসিডিডিআরবি জানিয়েছে, যদি কারও তীব্র শ্বাসকষ্ট দেখা দেয়। আর শুরুতেই যদি তাতে বাবল সিপ্যাপ দেওয়া হয়, তাহলে তার শারীরিক অবস্থা আর জটিল হওয়ার আশঙ্কা থাকে না। ওয়ার্ড থেকে আর তাকে মেকানিক্যাল ভেন্টিলেটর নেওয়ার আশঙ্কা কমে যায়। ওয়ার্ডে তার পুরোপুরি সুস্থ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে।

বিশেষজ্ঞরা বলছেন, নিউমোনিয়ার শিশুদের জীবন রক্ষায় বাবল সিপ্যাপ খুবই কার্যকরী পদ্ধতি। সারা দেশের সব হাসপাতালে এটি চালু করা গেলে প্রতি বছর অসংখ্য নিউমোনিয়া আক্রান্ত শিশুর জীবন রক্ষা সম্ভব হবে।  এ পদ্ধতিতে খরচ হয় মাত্র ৩০০ টাকা।

বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ডা. নজরুল ইসলাম খান বলেন, হাম হলে যে নিউমোনিয়া হয়, সেটি ব্যাকটেরিয়াল নিউমোনিয়া। হামের জন্য ইমিউনিটি কমে যায়। সে জন্য ব্যাকটেরিয়াল নিউমোনিয়া হয়। এ ধরনের নিউমোনিয়ার চিকিৎসা করার ব্যবস্থা দেশে যথেষ্ট আছে, কিন্তু শিশুরা পাচ্ছে না। আমরা ঠিকমতো চিকিৎসা দিতে পারছি না অথবা দিতে ভুল করছি। কিছু শিশুর আইসিইউয়ের দরকার হয়, কিন্তু শিশুদের জন্য আইসিইউ নেই। সোজা কথায় বললে, চিকিৎসার দুর্বলতার কারণে এত শিশু মারা যাচ্ছে, যা কোনোভাবেই কাম্য নয়।’

বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্যানুযায়ী, নিউমোনিয়ার সাধারণত লক্ষণগুলো হলো কাশি, কখনো কফসহ; জ্বর ও কাঁপুনি; দ্রুত শ্বাস নেওয়া; শ্বাস নিতে কষ্ট হওয়া; বুকে ব্যথা, বিশেষ করে শ্বাস নেওয়া বা কাশির সময়; অতিরিক্ত দুর্বলতা ও খাবারে অরুচি।

বিপদসংকেতগুলোর মধ্যে রয়েছে প্রচন্ড শ্বাসকষ্ট বা শ্বাস নিতে গিয়ে বুক দেবে যাওয়া; ঠোঁট, জিহ্বা বা মুখ নীলচে হয়ে যাওয়া; শিশু দুধ বা খাবার খেতে না পারা; অস্বাভাবিক নিস্তেজতা বা অচেতন হয়ে যাওয়া; খিঁচুনি; প্রবীণ রোগীর হঠাৎ বিভ্রান্তি বা চেতনার পরিবর্তন; এসব ক্ষেত্রে দ্রুত হাসপাতালের জরুরি বিভাগে নিতে হবে। অক্সিজেন বা চিকিৎসা শুরু করতে পরীক্ষার সব ফলের জন্য অপেক্ষা করা উচিত নয়।

বিশেষজ্ঞরা বলছেন, নিউমোনিয়া প্রতিরোধে টিকাদান, মায়ের বুকের দুধ, পুষ্টি নিশ্চিত করা, বায়ুদূষণ কমানো, পরিচ্ছন্নতা, প্রবীণদের টিকা দেওয়া জরুরি।

সর্বশেষ সর্বাধিক পঠিত