কুমিল্লার মুরাদনগরে আলোচিত ইসলামিক বক্তা গিয়াস উদ্দিন তাহেরীর আগমনকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১০ জন আহত হয়েছেন।
গতকাল শুক্রবার বিকেলে উপজেলার ছালিয়াকান্দি ইউনিয়নের আমপাল গ্রামে এ ঘটনা ঘটেছে। এ নিয়ে এলাকায় ব্যাপক উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
আহতরা হলেন- নিজাম উদ্দিন (৩০), ইয়াসিন (৩৫), রুবেল মাঝি (২৫), মনির হোসেন (৩৫), জুয়েল (২৪), আল-আমিন, রহমান শিকদার, কাজল খান, ফাহিম শিকদার, ডালিম সরকার।
স্থানীয়রা জানান, উপজেলার ছালিয়াকান্দি ইউনিয়নের আমপাল গ্রামের সুরুজ ফকিরের বাড়িতে আগামী ২১ ফেব্রুয়ারি গিয়াস উদ্দিন তাহেরীর আগমনকে কেন্দ্র এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। তার আগমন প্রতিহত করতে স্থানীয় আলেম সমাজ ও এলাকাবাসী একটি বিক্ষোভ মিছিল ও সমাবেশের ডাক দেয়। জুমার নামাজের পর আমপাল প্রাথমিক বিদ্যালয়ের সামনে থেকে প্রতিবাদ মিছিলটি বের হয়ে আমপাল পূর্বপাড়া ডালিমের বাড়ির সামনে আসার পর সুরুজ ফকিরের অনুসারীরা মিছিলে হামলা চালায়। এসময় মিছিলকারীরাও পাল্টা হামলা করে। এ ঘটনায় উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হন।
মিছিলকারী একজন বলেন, ‘আমরা শান্তিপূর্ণভাবে মিছিল নিয়ে যাচ্ছিলাম। হঠাৎ করেই সুরুজ ফকিরের অনুসারীরা লাঠিসোটা নিয়ে মিছিলে হামলা করে। আমাদের অনেকে আহত করে। আমরা এর বিচার চাই।’
মাহফিলের আয়োজকরা বলেন, ‘মিছিল নিয়ে মাজার ভেঙে দিতে আসছে এমন খবরে নারী পুরুষরা বাধা দেয়। এসময় তাদের হামলায় আমাদের কয়েকজন আহত হন।’
মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল ইসলাম বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। এ বিষয়ে এখনো কেউ লিখিত অভিযোগ করেনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’
যেসব বিষয় গুরুত্ব পাবে সীমান্ত সম্মেলনে
জাতীয় নির্বাচন আগে হওয়ার দাবি জানালেন রিজভী