বান্দরবানের বাকলাই পাড়া

সেনা সহায়তায় ফিরেছেন কুকি-চিন তান্ডবে ঘরছাড়ারা

আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০২৫, ০৭:৩৪ এএম

বান্দরবানের থানচির বাকলাই পাড়ার গ্রাম ছাড়া ২৮টি পরিবারের মধ্যে ১৫টি পরিবারের ৮১ জন সদস্য গত ১৪ ফেব্রুয়ারি দীর্ঘ ২৩ মাস পর সেনা সহায়তায় নিজ বাড়িতে ফিরে এসেছেন। যৌথ অভিযানে নিরাপত্তা পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় এলাকাবাসী নিজ পাড়ায় ফেরত আসতে শুরু করেছে। এর আগে বান্দরবানের রুমা, থানচি ও রোয়াংছড়ি এলাকায় কুকি-চিন ন্যাশনাল ফ্রন্ট (বম পার্টি) সন্ত্রাসী গোষ্ঠীর সশস্ত্র তৎপরতায় ২০২২ সালের মাঝামাঝি থেকে নিরাপত্তাহীনতার  কারণে গ্রাম ছাড়তে বাধ্য হন অধিকাংশ অধিবাসী। কুকি-চিন সন্ত্রাসীদের চাঁদাবাজি, অন্যায় দাবি ও নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে মানবঢাল হিসেবে ব্যবহৃত হওয়ার হাত থেকে রেহাই পেতে শিশুসহ পরিবার-পরিজন নিয়ে এতদিন এসব পরিবারের সদস্যরা দুর্গম পাহাড় ও জঙ্গলে ক্ষুধা ও আতঙ্কের মধ্যে দিন কাটিয়েছেন।

ফিরে আসা পরিবারগুলোর জন্য সেনাবাহিনীর পক্ষ থেকে মধ্যাহ্ন ভোজের আয়োজনসহ প্রয়োজনীয় রেশন সহায়তা দেওয়া হয়। এছাড়াও স্বাস্থ্যসেবা নিশ্চিতে সেনাবাহিনী মেডিকেল ক্যাম্প পরিচালনা করে। শিক্ষাব্যবস্থা পুনরুদ্ধারের উদ্দেশ্যে শিশুদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ এবং টিউশন ফি সুবিধাও চালু করেছে সেনাবাহিনী।

পার্বত্য চট্টগ্রামে আঞ্চলিক সশস্ত্র সংগঠনগুলোর অত্যাচারে গ্রামছাড়া সব ভুক্তভোগী পরিবারকে নিজ ঘরে ফিরিয়ে আনতে এবং তাদের বেঁচে থাকার মৌলিক অধিকার নিশ্চিত করতে বাংলাদেশ সেনাবাহিনীর এই প্রয়াস অব্যাহত থাকবে। আইএসপিআর

×
সর্বশেষ সর্বাধিক পঠিত