চুয়াডাঙ্গার দর্শনা কেরু চিনিকল চত্বরে একসঙ্গে চারটি বোমাসদৃশ বস্তু উদ্ধার করা হয়েছে। রবিবার (১৬ ফেব্রুয়ারি) যৌথবাহিনীর তল্লাশি অভিযান চলাকালে এগুলো পাওয়া যায়।
এর আগে গত বৃহস্পতিবার ও শনিবার আরও দুটি শক্তিশালী বোমার সন্ধান মেলে কেরু চত্বরে। পরে র্যাবের বোম ডিসপোজাল ইউনিট সদস্যরা সেগুলোর নিরাপদ বিস্ফোরণ ঘটায়।
দর্শনা থানার ওসি মুহম্মদ শহীদ তিতুমীর জানান, গত বৃহস্পতিবার ও শনিবার কেরু চত্বরে পরিত্যক্ত অবস্থায় দুটি বোমা পাওয়া যায়। এরপর রবিবার কেরু আঙ্গিনায় তল্লাশি চালানো হয়। এ তল্লাশিতে অংশ নেয় পুলিশ, সেনাবাহিনী ও আনসার সমন্বয়ে যৌথবাহিনী। এসময় কেরু চত্বরের পশ্চিমপাশের সীমানা পাঁচিল ঘেঁষে একসঙ্গে চারটি লাল টেপ মোড়ানো বোমাসদৃশ বস্তু পড়ে থাকতে দেখে যৌথবাহিনীর সদস্যরা।
তিনি জানান, র্যাবের বোম ডিসপোজাল ইউনিটকে খবর দেওয়া হয়েছে। বর্তমানে এলাকাটি ঘিরে রাখা হয়।
