ম্যানচেস্টার ইউনাইটেডের দুঃস্বপ্ন যেন শেষই হচ্ছে না। নতুন কোচ রুবেন আমোরিমের অধীনে দলটি প্রিমিয়ার লিগে ১২ ম্যাচের মধ্যে হারলো আটটিতেই। রোববার টটেনহ্যামের বিপক্ষে ১-০ গোলে পরাজয়ের পর দলটি নেমে গেছে ১৫তম স্থানে। ম্যাচ শেষে আমোরিম স্বীকার করেছেন, তার কাজটা সত্যিই কঠিন হয়ে পড়েছে।
লন্ডনের টটেনহ্যাম হটস্পার স্টেডিয়ামে ম্যাচের ১৩তম মিনিটেই জেমস ম্যাডিসনের গোলে পিছিয়ে পড়ে ইউনাইটেড। এরপর পুরো ম্যাচ জুড়ে বল দখলে ও আক্রমণে এগিয়ে থেকেও গোলের দেখা পায়নি রেড ডেভিলরা। ইনজুরির কারণে ১২ জন খেলোয়াড়কে হারানো ইউনাইটেডের বেঞ্চে ছিলেন আটজন কিশোর ফুটবলার, যাদের মধ্যে একমাত্র ১৭ বছর বয়সী চিডো ওবিকে শেষ মুহূর্তে মাঠে নামান আমোরিম।
ম্যাচ শেষে স্কাই স্পোর্টসকে দেওয়া সাক্ষাৎকারে আমোরিম বলেন, ‘আমার অনেক সমস্যা আছে। কাজটা কঠিন, তবে আমি আমার বিশ্বাস নিয়ে এগিয়ে যাবো। জিততে চাই, এবং সেদিকেই মনোযোগ দিচ্ছি।’
বয়সভিত্তিক দলের ফুটবলারদের নিয়ে সাবধানী আমোরিম বলেন, ‘প্রিমিয়ার লিগ বিশ্বের সবচেয়ে কঠিন প্রতিযোগিতা। তরুণ খেলোয়াড়দের বিকাশের দিকে নজর দিতে হবে। আমি দেখলাম দল গোলের জন্য চেষ্টা করছে, তাই পরিবর্তন করিনি। তবে ওদের খেলানো হবে।’
ম্যানচেস্টার ইউনাইটেড এখন পয়েন্ট তালিকার ১৫ নম্বরে, যা তাদের ইতিহাসের অন্যতম বাজে সূচনা। তবে আমোরিম ব্যক্তিগতভাবে নিজের চাকরি নিয়ে চিন্তিত নন, বরং দলকে সঠিক পথে ফেরানোর চেষ্টাতেই মনোযোগী। এখন দেখার বিষয়, আগামী ম্যাচগুলোতে ইউনাইটেড ঘুরে দাঁড়াতে পারে কি না।
দুবাইয়ের ‘নতুন’ উইকেটে বাংলাদেশ-ভারত ম্যাচ
ভারতের সামনে দাঁড়াতেই পারবে না পাকিস্তান: হরভজন