কারাবন্দি জামায়াত নেতা আজহারুল ইসলামের মুক্তির দাবি

আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০২৫, ০৫:৪২ পিএম

কারাবন্দি জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলামের মুক্তির দাবি জানিয়েছে খুলনা মহানগর ও জেলা জামায়াতে ইসলামী। সোমবার (১৭ ফেব্রুয়ারি) সকালে খুলনা প্রেসক্লাবের লিয়াকত আলী মিলনায়তনে অনুষ্ঠিত এক প্রেস ব্রিফিংয়ে এ দাবি জানানো হয়।

 নগরীর শহিদ হাদিস পার্কের সমাবেশ ও বিক্ষোভ মিছিল উপলক্ষ্যে খুলনা মহানগর ও জেলা জামায়াত এই প্রেস ব্রিফিংয়ের আয়োজন করে।

প্রেস ব্রিফিংয়ে দলের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও খুলনা অঞ্চলের সহকারী পরিচালক মাওলানা আবুল কালাম আজাদ বলেন, স্বৈরাচারের আমলে গ্রেপ্তার এটিএম আজহারুল ইসলামকে কারাগারে আটক রাখা তার প্রতি চরম জুলুম ও অন্যায় ছাড়া আর কিছুই নয়। ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশে তাকে এখনো আটক রাখায় জাতি বিস্মিত ও হতবাক হয়েছে। ইতিমধ্যে মৃত্যুদ-প্রাপ্ত, যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামিদের খালাস দেওয়া হয়েছে। সরকার ইচ্ছা করলে এটিএম আজহারুল ইসলামকেও খালাস দিতে পারেন। তিনি অবিলম্বে দলের সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলামকে মুক্তি দেওয়ার জন্য অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি জোর দাবি জানান। 

তিনি বলেন, ২০২৪ সালে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে স্বৈরাচারী শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে যায়। দেশ স্বৈরাচারের কবল থেকে মুক্তিলাভ করে। রাজনৈতিক মিথ্যা মামলায় ফ্যাসিস্ট সরকারের গ্রেপ্তার অনেক নেতাকর্মী মুক্তিলাভ করেন। রাষ্ট্রপতির আদেশে অনেককে তাৎক্ষণিক মুক্তি দেওয়া হয়। দেশবাসী আশা করেছিল যে চরম জুলুম-নির্যাতনের শিকার এটিএম আজহারুল ইসলামও মুক্তিলাভ করবেন। কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা গ্রহণের ৬ মাস ৮ দিন অতিবাহিত হওয়া সত্ত্বেও এটিএম আজহারুল ইসলামকে মুক্তি দেওয়া হয়নি। ফলে জামায়াত স্বৈরশাসনামলে জুলুম এবং নির্যাতনের শিকার হয়েছে। আর স্বৈরশাসনমুক্ত বাংলাদেশে জামায়াতে ইসলামী এখনো বৈষম্যের শিকার হচ্ছে।

প্রেস বিফ্রিংয়ে খুলনা মহানগর জামায়াতে ইসলামীর আমীর অধ্যাপক মাহফুজুর রহমান, জেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা এমরান হুসাইন, মহানগরী জামায়াতে ইসলামীর সেক্রেটারি অ্যাডভোকেট শেখ জাহাঙ্গীর হোসাইন হেলাল, জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি অধ্যাপক মিয়া গোলাম কুদ্দুস, মহানগরী জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি শেখ জাহাঙ্গীর আলম ও আজিজুল ইসলাম ফারাজি, মহানগরী ছাত্রশিবিরের সভাপতি আরাফাত হোসাইন মিলন, বটিয়াঘাটা উপজেলা আমীর মাওলানা শেখ মো আবু ইউসুফসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত