ঘরে ফেরা নেইমারের প্রথম গোল

আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০২৫, ০৭:২৫ এএম

অবশেষে ব্রাজিল মহাতারকা নেইমারের পায়ের স্পর্শে বল ঢুকল জালে। ঘুচল ৫০২ দিনের অপেক্ষা। ২০২৩ সালের ৩ অক্টোবর শেষবার জালভেদ করেছিলেন তিনি। এরপর নেইমারের পায়ে আর কোনো গোল দেখা যায়নি। ইনজুরির কারণে দীর্ঘ সময় থাকতে হয়েছে মাঠের বাইরে। অবশেষে রবিবার রাতে সাও পাওলো স্টেট চ্যাম্পিয়নশিপের ম্যাচে সান্তোসের হয়ে গোল করেছেন আগুয়া সান্তার বিপক্ষে।

সৌদি ক্লাব আল নাসর থেকে নিজ দেশের ক্লাব সান্তোসে যাওয়ার পর এই প্রথম গোল করলেন নেইমার। আরবানো কালদেইরা স্টেডিয়ামে ম্যাচের ১২ মিনিটে বক্সের ভেতর ড্রিবল করে ঢোকার চেষ্টার সময় তাকে ফাউল করে বসেন আগুয়া সান্তার ফুটবলার। রেফারি সিদ্ধান্ত দেন পেনাল্টির। সেই স্পট কিকে গোল করে তিনি দলকে এগিয়ে দেন। ২৬ মিনিটে সান্তোস আরও এগিয়ে যায় থাসিয়ানোর গোলে। ৪৩ মিনিটে আগুয়া সান্তার নেতিনহো একটি গোলে শোধ করেন। প্রথম গোলের দিন অ্যাসিস্টও পেয়েছেন নেইমার। ৭০ মিনিটে তার বাড়ানো বলেই তৃতীয় গোলটি করেন গিলেরমো। শেষতক সান্তোস ম্যাচ জেতে ৩-১ গোলে।

সান্তোসে ফেরার পর এটিই নেইমারে প্রথম জয়। এর আগে শৈশবের ক্লাবটির হয়ে তিনটি ম্যাচ খেলে দুটিতে ড্র আর অন্যটিতে হারের স্বাদ পেতে হয় এ মহাতারকাকে। ব্রাজিলের সর্বোচ্চ গোলদাতা নেইমার সর্বশেষ গোলটি করেছিলেন ২০২৩ সালের অক্টোবরে এএফসি চ্যাম্পিয়নস লিগে আল হিলালের হয়ে নাসাজি মানজাদারানের বিপক্ষে। সান্তোসে ফিরে এবং গোল করতে পেরে আনন্দের যেন শেষ নেই নেইমারের। ম্যাচ শেষে তার কণ্ঠে ফুটে উঠল গোল পাওয়ার স্বস্তি, ‘আবারও খেলতে পেরে আমি খুশি। মনে হচ্ছে আমি উন্নতি করছি। অবশ্যই আমি শারীরিকভাবে শতভাগ ফিট হতে পারব না। এটা আমার চতুর্থ ম্যাচ, তবে আমি ক্রমাগত ভালো করছি। আমি গোল করার জন্য উদগ্রীব ছিলাম এবং সেটা ভক্ত ও আমার পরিবারকে উৎসর্গ করতে চেয়েছিলাম।’ ২০০৯ সালে প্রথম দফায় সান্তোসে যোগ দিয়েছিলেন নেইমার। সেখান থেকেই তার উত্থানের শুরু। এই সময়ের মধ্যে সান্তোসের হয়ে ২২৫ ম্যাচে করেছিলেন ১৩৮ গোল।

নেইমারের পাশাপাশি এই ম্যাচে বাংলাদেশের ফুটবল সমর্থকদের আনন্দের খোরাক জুগিয়েছেন রবসন রবিনহো। ২০২০-২১ মৌসুম থেকে বসুন্ধরা কিংসের সাবেক এ অধিনায়ক তার ফুটবল শৈলীতে বাংলাদেশের মাঠ কাঁপিয়েছেন। শোনা গিয়েছিল তিনি পাড়ি জমাবেন ভারতের ইস্ট বেঙ্গলে। কিন্তু গত রাতে রবিনহোকে হঠাৎ দেখা গেল নেইমারের বিপক্ষে ম্যাচ খেলতে। এ বছরের জানুয়ারির ৩ তারিখ নিজের সাবেক ক্লাব আগুয়া সান্তায় যোগ দেন রবিনহো। ফ্লুমিনেন্স থেকে বাংলাদেশে এসেছিলেন তিনি। তার আগে প্রায় ছয় মাস ধারে এখানেই খেলতেন। ম্যাচের ৭৭ মিনিটে ২১ নম্বর জার্সিতে বদলি হিসেবে মাঠে নেমেছিলেন রবিনহো।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত