আর্জেন্টিনাকে পেছনে ফেলে দক্ষিণ আমেরিকান অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতেছে ব্রাজিল। সমান ১০ পয়েন্ট নিয়ে রবিবার রাতে খেলতে নামে ফুটবল বিশ্বের এ দুই পরাশক্তি। নিজেদের ম্যাচে চিলির বিপক্ষে ৩-০ গোলের ব্যবধানে জয় পায় ব্রাজিল। আর অন্যদিকে প্যারাগুয়ের কাছে ৩-২ ব্যবধানে হেরে যায় আর্জেন্টিনা। তাতেই ১৩ পয়েন্ট নিয়ে টানা দ্বিতীয় এবং সব মিলিয়ে দক্ষিণ আমেরিকা মহাদেশের বয়সভিত্তিক টুর্নামেন্টটির ১৩তম ট্রফি ঘরে তোলে জুনিয়র সেলেসাওরা।
বয়সভিত্তিক এ টুর্নামেন্টটির শেষ স্তরে ছয়টি দল লিগ পদ্ধতিতে একবার করে নিজেদের মুখোমুখি হয়। সর্বোচ্চ পয়েন্টধারী দেশ হিসেবে ব্রাজিল চ্যাম্পিয়ন ও দুইয়ে থাকা আর্জেন্টিনা রানার্সআপ হয়েছে। এ ছাড়া সেরা চারটি দল সরাসরি সুযোগ করে নিয়েছে অনূর্ধ্ব-২০ বিশ্বকাপে। বাকি দুটি দল হলো কলম্বিয়া ও প্যারাগুয়ে। ভেনেজুয়েলার হোসে অ্যান্তনিও স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচের ৭২ মিনিট পর্যন্ত ব্রাজিল বেশ চাপে ছিল। তবে ৭৩ থেকে ৮৮ মিনিটের মধ্যে তিন গোল করে ম্যাচ জিতে নেয় ৩-০ ব্যবধানে। ৭৩ মিনিটে ব্রাজিলকে এগিয়ে দেন ডেইভিড ওয়াশিংটন। ৭৮ মিনিটে আইভান রোমান লাল কার্ড দেখলে ১০ জনের দল হয়ে যায় চিলি। ওই সুযোগে ৮৬ ও ৮৮ মিনিটে পেদ্রো ও রিকার্ডো মাথিয়াস আরও দুটি গোল করেন। যোগ করা মিনিটে ব্রাজিলের পিন্তো লাল কার্ড দেখলেও হাসিমুখেই মাঠ ছাড়ে তারা।
এরপর সোমবার ভোরে একই মাঠে খেলতে নামে আর্জেন্টিনা-প্যারাগুয়ে। শিরোপা জিততে চার গোলের ব্যবধানে জিততে হতো আর্জেন্টিনার। কিন্তু প্রথমার্ধেই তারা ১-০ গোলে পিছিয়ে পড়ে। শেষ পর্যন্ত ৩-২ ব্যবধানে ম্যাচটিই হেরে যায় আর্জেন্টিনা। এতে গোল ব্যবধানে নয় পুরো তিন পয়েন্টে এগিয়ে থেকেই শিরোপা জেতে আর্জেন্টিনার কাছে ছয় গোল খেয়ে আসর শুরু করা ব্রাজিল।
