চ্যাম্পিয়ন ট্রফি শুরু হতে আর মাত্র একদিন বাকি। আগামীকাল বুধবার থেকেই শুরু হবে আট দলের এই আসর। এমন একটা মুহূর্তে নিউজিল্যান্ড দলে এলো দুঃসংবাদ। ডান পায়ের চোটে চ্যাম্পিয়নস ট্রফির দল থেকে ছিটকে পড়েছেন দলটির পেসার লকি ফার্গুসন। তার জায়গায় দলে এসেছেন আরেক পেসার কাইল জেমিসন।
সংযুক্ত আরব আমিরাতের আইএল টি–টোয়েন্টি টুর্নামেন্টে খেলার সময় চোট পেয়েছিলেন ফার্গুসন। এ কারণে তিনি পাকিস্তানে অনুষ্ঠিত ত্রিদেশীয় সিরিজে ছিলেন না। পরে আফগানিস্তানের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেললেও শেষ পর্যন্ত আগের পাওয়া চোটেই চ্যাম্পিয়ন ট্রফির দল থেকে ছিটকে গেলেন ফার্গুসন।
নিউজিল্যান্ড কোচ গ্যারি স্টেড হতাশা প্রকাশ করে বলেছেন, ‘লকির জন্য দুঃখ হচ্ছে। লকি আমাদের বোলিং আক্রমণের অন্যতম প্রধান অস্ত্র। ওর বড় টুর্নামেন্ট খেলার অভিজ্ঞতা কাজে লাগত। আমরা জানি আরেকটি বড় টুর্নামেন্টে নিউজিল্যান্ডের প্রতিনিধিত্ব করতে মুখিয়ে ছিল। তার দ্রুত সুস্থতা কামনা করছি।’
উদ্বোধনী ম্যাচেই স্বাগতিক পাকিস্তানের মুখোমুখি হতে যাচ্ছে নিউজিল্যান্ড। চলতি সপ্তাহেই ছিটকে যান আরেক পেসার বেন সিয়ার্স। এবার গেলেন ফার্গুসন। তার জায়গায় দলে আসা জেমিসন সর্বশেষ ওয়ানডে খেলেছেন ২০২৩ সালের সেপ্টেম্বরে মিরপুরে বাংলাদেশের বিপক্ষে। গত বছরের ফেব্রুয়ারির পর তাকে জাতীয় দলে দেখা যায়নি।
নাইট রাইডার্সে খেলতে নিজ দেশের লিগ ছাড়লেন হেলস
চ্যাম্পিয়নস ট্রফিতে রিশাদের দিকে তাকিয়ে বাংলাদেশ