নারায়ণগঞ্জ

স্বেচ্ছাসেবক দল নেতা মামুন হত্যায় অংশ নেয়া দুই যুবক গ্রেপ্তার

আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০২৫, ০৭:১৯ পিএম

নারায়ণগঞ্জের ফতুল্লা থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মামুন হোসাইন হত্যার ঘটনায় কিলিং মিশনে অংশ নেওয়া গোলাম রাব্বানি হোসেন হৃদয় (২৫) ও মোহাম্মদ রাব্বি (২৫) নামের দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তাররা উভয়েই মামুন হত্যা মামলার এজাহারনামীয় আসামি। তাছাড়া মামুন হত্যা মামলায় গ্রেপ্তার তিন আসামির আদালতে দেয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দিতেও রাব্বি ও হৃদয়ের নাম এসেছিল বলে পুলিশ জানিয়েছে।

বুধবার দিনগত রাত ২টার দিকে নরসিংদী জেলার সদর থানার বাসাইলে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে। বৃহস্পতিবার দুপুরে ১০ দিনের রিমান্ড চেয়ে তাদের আদালতে পাঠায় পুলিশ।

গ্রেপ্তার গোলাম রাব্বানি হোসেন হৃদয় ফতুল্লা থানার কুতুবআইল এলাকার আলামিনের পুত্র ও মোহাম্মদ রাব্বি সদর থানার আমলাপাড়ার ফেরদৌসের পুত্র। গ্রেপ্তাররা উভয়েই মামুন হত্যা মামলার এজাহারনামীয় আসামি।

পুলিশ জানায়, মামুন হত্যাকাণ্ডের পরপরই গ্রেপ্তার দুই শুট্যার সহ চারজন কক্সবাজারে চলে যায়। সেখান থেকে রাব্বি ও হৃদয় বগুড়া, মানিকগঞ্জ, মাওয়ার পর নরসিংদীতে অবস্থান নেয়। বুধবার দিনগত রাত ২টার দিকে নরসিংদীতে হৃদয়ের এক আত্মীয়ের বাড়িতে অভিযান চালিয়ে ইয়াবা সেবনরতবস্থায় দুজনকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা হত্যাকাণ্ডের সাথে জড়িতের বিষয়টি স্বীকার করেছে।

ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম জানান, মামুন হত্যা মামলায় বুধবার রাতে নরসিংদী থেকে কিলিং মিশনে অংশ নেওয়া দুই আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। এ নিয়ে মোট ৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ইতিমধ্যে মামুন হত্যা মামলার দায় স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দী দেওয়া তিন আসামিও হৃদয় এবং রাব্বির নাম বলেছে। তাদের ১০ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে।

গত ৭ ফেব্রুয়ারি ভোর ৫টার দিকে মামুন হোসাইনকে ফতুল্লার পূর্ব লালপুর রেললাইনের বাড়ি থেকে ডেকে নিয়ে গুলি করে হত্যা করা হয়। হত্যাকাণ্ডের একদিন পর নিহতের স্ত্রী ইয়াসমিন আক্তার বাদী হয়ে ১১ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ৮-১০ জনকে আসামি করে ফতুল্লা মডেল থানায় হত্যা মামলা দায়ের করে।

পুলিশ হত্যা মামলার তদন্তে নেমে সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে এবং তথ্যপ্রযুক্তির সহায়তায় আরিফুল ওরফে আরিফ, আরছ আলী ওরফে আরব আলী ও আজমিরকে গ্রেপ্তার করে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত