বালু উত্তোলন নিয়ে দ্বন্দ্ব

নিখোঁজ জেলে রাম দাসের লাশ মিলল ৪ দিন পর

আপডেট : ২১ ফেব্রুয়ারি ২০২৫, ০৫:১১ পিএম

অবৈধ বালু উত্তোলনে বাধা দেওয়ার ঘটনায় নিখোঁজ জেলে রাম দাসের (৩২) লাশ উদ্ধার করেছে পুলিশ। ডুবে যাওয়ার চার দিন পর আজ শুক্রবার সকালে মুরাদপুরের সাগর উপকূলে তার লাশ ভেসে আসে। এর আগে গত ১৭ ফেব্রুয়ারি বালু উত্তোলনে বাধা দেওয়ায় মারধর করে তাকে সাগরে ফেলে দেয় অবৈধ বালু উত্তোলনকারীরা।

একইসঙ্গে অপর এক জেলেকে অপহরণ করে নিয়ে যায় তারা। উপজেলার বাড়বকুণ্ড সাগরে সোমবার দুপুর দেড়টার দিকে এই ঘটনা ঘটে। পরে হাতিয়া থেকে অপহৃত জেলেকে উদ্ধার করে পুলিশ।

স্থানীয় ও থানা সূত্রে জানা যায়, গত ১৭ ফেব্রুয়ারি সাগর থেকে অবৈধভাবে বালু উত্তোলন করার সময় উত্তোলনকারীদের বাধা দেন রামদাস (৩২) ও লিটন দাস (৩০) নামের দুই ভাই। এক পর্যায়ে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়ে উভয় পক্ষ। তখন দুই ভাইকে জোর করে বাল্কহেডে তুলে নেয় বালু উত্তোলনকারীরা। সেখানে তাদের মারধর শুরু করে তারা। এক পর্যায়ে রাম দাসকে ধাক্কা দিয়ে পানিতে ফেলে দেয় ও লিটন দাসকে নিয়ে বাল্কহেড চালিয়ে উত্তর দিকে চলে যায় বালু উত্তোলনকারী দল। ঘটনার খবর পেয়ে নৌ পুলিশের একটি টিম স্পিড বোটে সাগরে অভিযানে নামে।

একই দিন সন্ধ্যা সাড়ে ৬টার দিকে হাতিয়া উপজেলার থানারহাট বাজার ঘাট এলাকা থেকে নিখোঁজ জেলে লিটন দাসকে উদ্ধার করে নৌ পুলিশ। একই সময় ভোলা চ্যানেল থেকে বাল্কহেডসহ ঘটনার সঙ্গে জড়িত ৬ জনকে আটক করা হয়। তবে পানিতে ফেলে দেওয়া বড় ভাই রাম দাসকে চার দিন পর্যন্ত খুঁজে পাওয়া যায়নি। শুক্রবার সকালে মুরাদপুরের সাগর উপকূলে একটি লাশ ভাসতে দেখে পুলিশকে খবর দেয় স্থানীয়রা। খবর পেয়ে নৌ পুলিশের একটি টিম ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে।

কুমিরা নৌ পুলিশের ইন্সপেক্টর ওয়ালী উদ্দিন আকবর বলেন, জেলে অপহরণের খবর পেয়ে দ্রুততার সঙ্গে অভিযান পরিচালনা করে ৫ ঘণ্টার মধ্যে একজন জেলেকে উদ্ধার ও ‘এমভি নাবিল ফারহান’ নামের একটি বাল্কহেডসহ ৬ জনকে আটক করি। নিখোঁজ জেলেকে উদ্ধারে অভিযান অব্যাহত ছিল। আজ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চমেক হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত