সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার পৌর সদরের দেলুয়া শ্রী শ্রী রামকৃষ্ণ সেবাশ্রম মন্দির থেকে চুরি যাওয়া ৩টি পিতলের মূর্তি ও স্বর্ণালঙ্কার উদ্ধার করেছে পুলিশ। একই সঙ্গে চুরির সাথে জড়িত থাকার অভিযোগে হামিদুল ইসলাম আরিফ (৩৫) নামের এক যুবককে পুলিশ গ্রেপ্তার করেছে। গ্রেপ্তার হামিদুল ইসলাম আরিফ এনায়েতপুর থানার রূপনাই গ্রামের যদু শেখের ছেলে।
গত শুক্রবার (২১ ফেব্রুয়ারি) রাতে তাকে গ্রেপ্তার করা হয়। গত ২৭ জানুয়ারি রাতে দেলুয়া শ্রী শ্রী রামকৃষ্ণ সেবাশ্রম মন্দিরে এ চুরির ঘটনা ঘটে। এ চুরির ঘটনায় গত ২৮ জানুয়ারি মন্দির কমিটির পক্ষ থেকে থানায় একটি লিখিত অভিযোগ করা হয়। এরপর থেকেই বেলকুচি থানা পুলিশ চুরি যাওয়া মূর্তি উদ্ধারে কাজ শুরু করে।
শনিবার (২২ ফেব্রুয়ারি) বিকেলে বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকারিয়া হোসেন জানান, বেলকুচি উপজেলার বোলগাঁতী গ্রামের শ্বশুরবাড়ি থেকে তাকে গ্রেপ্তার ও চুরি যাওয়া ৩টি পিতলের মূর্তি ও স্বর্ণালঙ্কার উদ্ধার করা হয়েছে। এ চুরির পর আরিফ তার শ্বশুরবাড়িতে আশ্রয় নিয়েছিল। শনিবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
এদিকে চুরি যাওয়া মূর্তি ও স্বর্ণালঙ্কার উদ্ধার হওয়ায় মন্দির কমিটির সদস্য স্বপন কুমার পোদ্দার বেলকুচি থানা পুলিশকে ধন্যবাদ জানিয়েছেন।
আগে স্থানীয় সরকার নির্বাচন হতে দেব না: জয়নুল আবেদীন
মালয়েশিয়ায় ৮৫ অবৈধ বাংলাদেশি অভিবাসী আটক