বাজারের নিয়ন্ত্রণ নিতে যুবদল নেতার সশস্ত্র মহড়া, ভিডিও ভাইরাল

আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০২৫, ০৯:৪৬ পিএম

গাজীপুরের শ্রীপুরে একটি বাজারের দখল নিতে রামদা বাহিনী নিয়ে প্রকাশ্যে মহড়া দিয়েছেন এক যুবদল নেতা। এ নিয়ে এলাকায় আতঙ্ক বিরাজ করছে। অর্ধশত সন্ত্রাসী নিয়ে মাথায় লাল গামছা পেঁচিয়ে রাম দা হাতে নিয়ে প্রকাশ্যে মহড়ার ঘটনায় এলাকায় আতঙ্ক ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

শনিবার বিকেল পৌনে ৫টার দিকে মাওনা ইউনিয়নের ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের এমসি বাজার এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় আতঙ্কে ব্যবসায়ীরা দোকানপাট বন্ধ করে পালাতে থাকে।

প্রকাশ্যে বাজারের সব টাকা তোলে নেওয়ার হুঁশিয়ারি দেয় ওই যুবদল নেতা। মহড়ার সময় কয়েক দফায় ককটেল বিস্ফোরণের ঘটনাও ঘটেছে। অস্ত্র নিয়ে মহড়া ও চাঁদা দাবি করে বক্তব্য একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। এরপর অভিযুক্ত ওই যুবদল নেতাকে বহিষ্কার করা হয়।  

অভিযুক্ত যুবদল নেতার নাম জাহাঙ্গীর আলম পিন্টু। তিনি উপজেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য। সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে রাতেই জাহাঙ্গীর আলমকে দলীয় সকল (দল থেকে) কার্যক্রম থেকে বহিষ্কার করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিকালে অন্তত ৩০-৪০ জন লোক মাথায় কাপড়-গামছা পেঁচিয়ে মহাসড়ক ও আশপাশের সড়কে প্রকাশ্যে রামদা নিয়ে মহড়া দেয়। এ সময় অনেকে হাতে লোহার রড, হকিস্টিকসহ বাঁশের লাঠি ছিল। তারা বলেন— যুবদল নেতা জাহাঙ্গীর আলম পিন্টুর এ অস্ত্রবাজির নেতৃত্ব দেন। এ সময় তারা নানা ভীতিকর স্লোগান দিতে থাকেন।  

তাদের দাবি অস্ত্র মহড়া শেষে বাজারের উত্তর পাশে স্বপ্নপুরী হোটেলের সামনে এসে যুবদল নেতা জাহাঙ্গীর আলম পিন্টু হ্যান্ড মাইকে বাজারের দোকানিদের উদ্দেশ্য করে বক্তব্য দেন। তিনি বলেন— এই মুহুর্তে আমি বাজারে চাঁদা উঠানো শুরু করবো! এমসি বাজার এখন থেকে আমার নিয়ন্ত্রণ চলবে।
 
নামপ্রকাশে অনিচ্ছুক বেশ কয়েকজন দোকানদার জানান বিকালেই বেশ কয়েকজন যুবক রামদা হাতে নিয়ে সড়কে ভাসমান দোকানে চাঁদা তুলতে আসেন। তারা দাবি করেন এখন থেকে তাদেরকে চাঁদা দিতে হবে। নিয়মিত চাঁদা না দিলে ব্যবসা করতে দেওয়া হবে না বলেও হুমকি দিয়ে গেছে। এরই মধ্যে ভয়ে বেশ কয়েকজন চাঁদা দিয়েছে।  

অভিযুক্ত যুবদল নেতা জাহাঙ্গীর আলম পিন্টু মুঠোফোনে জানান, গাজীপুর জেলা যুবদলের যুগ্ম আহবায়ক আরিফুল ইসলাম সরকার আওয়ামী লীগের নেতাদের সঙ্গে মিলে বাজার নিয়ন্ত্রণ করছেন। নিয়মিত চাঁদা নিচ্ছেন। এ নিয়ে তার সঙ্গে আমার দ্বন্দ্ব আছে।

তিনি অভিযোগ করেন, আমার মিছিলের সময় আরিফ সরকারের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে মহড়া দিয়ে আমাকে কৌশলে দোষী করছে। এর আগেও তার লোকজন আমার বাড়িঘরে হামলা ভাঙচুর চালিয়েছিল। আজও তার লোকজনই মহড়া দিয়েছে।

আপনি প্রকাশ্যে চাঁদা দাবি করে বক্তব্য দিয়েছেন এমন প্রশ্ন করা হলে পরে কথা বলবেন বলে ফোন রেখে দেন অভিযুক্ত জাহাঙ্গীর আলম পিন্টু।

তবে গাজীপুর জেলা যুবদলের যুগ্ম আহবায়ক আরিফুল ইসলাম সরকার বলেন, জাহাঙ্গীর আলম চিহ্নিত সন্ত্রাসী। সে তার পোষ্য কিছু সন্ত্রাসী লালন-পালন করে। আজও বাজার নিয়ন্ত্রণে নিতে একদল রামদা বাহিনী নিয়ে প্রকাশ্যে মহড়া দিয়ে দোকানদাররে কাছে চাঁদা দাবি করেন। দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে তাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

এ দিকে রাতে কেন্দ্রীয় যুবদলের সহ-দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূঁইয়া স্বাক্ষরিত এক চিঠিতে জাহাঙ্গীর আলম পিন্টুকে দলীয় সব কার্যক্রম থেকে বহিষ্কার করা হয়েছে বলে নিশ্চিত করা হয়।

শ্রীপুর মডেল থানার ওসি (তদন্ত) শামীম আহম্মেদ জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। বিএনপির দুই গ্রুপ দ্বন্দ্বে জড়িয়ে আধিপত্য বিস্তারে একদল মহড়া দেয়। 
দেশীয় অস্ত্র ও ককটেল বিস্ফোরণের ঘটনা সত্য উল্লেখ করে তিনি জানান, এখনো কোনো পক্ষ কোনো অভিযোগ করেনি। তবে এ ব্যাপারে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত