ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক রফিকুল আলম মজনু বলেছেন, গত দেড়যুগে বিনা ভোটের সরকার দেশের সকল প্রতিষ্ঠানকে লণ্ডভণ্ড করে দিয়েছে। লুটপাট করে দেশের অর্থনীতিকে ফোকলা করে দিয়েছে। এই দশা থেকে উত্তরণের জন্য তারেক রহমান ৩১ দফা সংস্কার কর্মসূচি দিয়েছে। এই ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে বাংলাদেশের জনগণের আশা-আকাঙ্ক্ষা প্রতিফলন ঘটবে।
আজ রবিবার বিকেলে গ্রিন রোড গভ. স্টাফ কোয়ার্টার মাঠে কলাবাগান থানা বিএনপি আয়োজিত রাষ্ট্র কাঠামো মেরামতে তারেক রহমানের ৩১ দফা ও জনসম্পৃক্তি শীর্ষক কর্মশালায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, গত ১৮ বছরের আন্দোলনে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে বিএনপি। এখন কেউ কেউ এগুলো অস্বীকার করে নিজেদের জাহির করতে চায়। যদি সকল ক্ষেত্রে ৩১ দফা বাস্তবায়ন করা যায় তবে বাংলাদেশ নিঃসন্দেহে বৈষম্যহীন, শোষণহীন দেশ হিসাবে প্রতিষ্ঠিত হবে।
কর্মশালাটি সঞ্চালনা করেন সদস্য সচিব তানভীর আহমেদ রবিন। ৩১ দফা কর্মসূচি উপস্থাপন ও বিশ্লেষণ করেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার নাসির উদ্দীন অসীম, বিএনপির কেন্দ্রীয় নেতা শেখ রবিউল আলম রবি, বিএনপির আর্ন্তজাতিক বিষয়ক কমিটির সদস্য ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নগর বিএনপির যুগ্ম আহ্বায়ক হারুনউর রশিদ হারুন, আ ন ম সাইফুল ইসলাম, আব্দুস সাত্তার, এস কে সিকান্দার কাদির, মজিবুর রহমান মজুসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার নাসির উদ্দীন অসীম বলেন, গত ১৭ বছরে আন্দোলন করেছি, কারও চোখ রাঙানি দেখার জন্য নয়। একটি দল স্বপ্ন দেখে তাদের পলাতক নেত্রী টুস করে ঢুকে পড়বে, কিন্তু আমরা বলছি আপনার নেত্রী আসতে হবে না। আমরাই ইন্টারপোলের মাধ্যমে তাকে ধরে নিয়ে আসব।
বিএনপির আর্ন্তজাতিক বিষয়ক কমিটির সদস্য ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন বলেন, বিএনপি কারও দয়া নিয়ে রাজনীতি করে নাই। নিজের বলে বলীয়ান হয়েই বিএনপি রাজনীতি করেছে। নিজের পরিচয়েই রাজনীতি করেছে।
ইশরাক বলেন, বিএনপি সিদ্ধান্ত নিয়েই ছাত্রদের ব্যানারে আন্দোলন করেছে। সত্যিকার অর্থেই একটি সফল গণঅভ্যুত্থানের জন্য যা যা করার দরকার রাজনৈতিক দল হিসেবে তাই করেছে। কিছু দল আছে যারা কৃতিত্ব জাহির করতে ব্যস্ত। এসব ক্রেডিটখোরদের বিষয়ে সবাইকে সজাগ থাকতে হবে।
কেন্দ্রীয় নেতা শেখ রবিউল আলম রবি বলেন, একটি কার্যকর বাংলাদেশ চাইলে দুটি জিনিস নিশ্চিত করতে হবে- জনগণের অধিকার এবং প্রতিষ্ঠানসমূহকে কার্যকর রাখা।
ঢাকা মহানগর দক্ষিণের সদস্য সচিব তানভীর আহমেদ রবিন বলেন, কারও কাছে দাসত্ব নয়, বিএনপি রাজনীতি করে এদেশের গণমানুষের সমর্থন নিয়ে। বাংলাদেশের স্বার্থবিরোধী কোনও কার্মকাণ্ড বিএনপি বরদাশত করবে না।
