ক্ষমতায় থেকে নতুন দল করলে দেশে আগুন জ্বলবে: হারুন

আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০২৫, ১২:২৯ এএম

ক্ষমতায় থেকে নতুন দল করলে দেশে আগুন জ্বলে যাবে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হারুন অর রশিদ। তিনি বলেছেন, ‘ষড়যন্ত্র-চক্রান্ত করিয়েন না।  ষড়যন্ত্র চক্রান্ত করে ক্ষমতায় থেকে নতুন দল করতে চান, তাহলে দেশে আগুন জ্বলে যাবে। এ আগুন নেভানোর জন্য আপনারা লোক খুঁজে পাবেন না।

আজ সোমবার সন্ধ্যায় গাইবান্ধা শহরের পৌর শহীদ মিনারে আয়োজিত এক গণজমায়েতে তিনি এসব কথা বলেন।  

হারুন অর রশিদ বলেন, অন্তর্বর্তী সরকারের হিসাব থাকা উচিত, শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর তাদের প্রধান দায়িত্ব ও কর্তব্য হচ্ছে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করা। মানুষের আকাঙ্ক্ষা ছিল একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন। জনগণের সরকার গঠনের মধ্য দিয়ে দেশ শাসন করতে চায়। সুতরাং আপনাদের প্রধান ও অন্যতম দায়িত্ব হচ্ছে অবিলম্বে নির্বাচনের রোডম্যাপ নির্ধারণ করা। 

সরকারের উদ্দেশ্যে তিনি বলেন, আপনারা ইতোমধ্যে নিজেদেরকে যথেষ্ট বিতর্কিত করে ফেলেছেন। আপনারা উপদেষ্টামন্ডলীর সদস্যরা ক্ষমতায় থেকে দল গঠনের প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। এটি যদি করতে চান, এদেশের জনগণ তা গ্রহণ করবে না। নতুন দল তৈরি হোক, জনগণ গ্রহণ করলে আপত্তি নেই আমাদের। কিন্তু এদেশে গত ৪০ বছরে প্রমাণ হয়েছে, যখনই অবাধ ও সুষ্ঠু নির্বাচন হয়েছে, তখনই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতিষ্ঠিত দল বিএনপি ম্যান্ডেট নিয়ে বিজয়ী হয়েছে, ক্ষমতায় গিয়েছে।

বিএনপির এ নেতা বলেন, আমরা আপনাদেরকে সমর্থন দিয়েছি, সহযোগিতা দিচ্ছি। কিন্তু আজকে কেন যেন মনে হচ্ছে, বিএনপিকে একটা চক্রান্ত ও ষড়যন্ত্রের মধ্যে আপনারা ফেলতে চান। সুতরাং আমাদের ধৈর্যের বাঁধ নষ্ট করিয়েন না। আমরা রমজানের পূর্বে সারাদেশের জেলাগুলোতে সমাবেশ করছি, দেখেন- জনতার কি ঢল তৈরি হয়েছে। এখন জনতার যে আকাঙ্ক্ষা এবং মানুষ চায়, দ্রুত সম্ভব বাংলাদেশে একটি নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করা হোক। নির্বাচনের ঘোষণা আসলেই, বাংলাদেশের রাজনৈতিক দলগুলো তারা নির্বাচন করতে চায়, তারা নির্বাচনমুখী হবে। নির্বাচনের মধ্য দিয়ে সংসদ গঠিত হবে। সরকার গঠিত হবে। তখন আইনশৃঙ্খলা পরিস্থিতি থেকে শুরু করে সবকিছুতে স্থিতিশীলতা ফিরে আসবে। 

গণজমায়াতে সভাপতিত্ব করেন গাইবান্ধা জেলা বিএনপির সভাপতি মইনুল হাসান সাদিক। বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির গ্রাম সরকার বিষয়ক সম্পাদক আনিসুজ্জামান খান, রংপুর বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক আবদুল খালেক ও আমিনুল ইসলাম, জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহমুদুন্নবী টিটুল, সহসভাপতি শহীদুজ্জামান, জেলা হিন্দু-বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের আহ্বায়ক বিপুল কুমার দাস প্রমুখ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত