ধর্ষণ প্রতিরোধ চেয়ে তিন দাবিতে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে ডেফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষার্থীরা। মঙ্গলবার দুপুরে সাভারের খাগান এলাকায় অবস্থিত ইউনিভার্সিটির সামনের শাখা সড়কে এ বিক্ষোভ কর্মসূচি পালন করে বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা।
এ সময় বিক্ষোভ কর্মসূচিতে ধর্ষণ প্রতিরোধে তিনটি দাবি তুলে ধরেন তারা। তাদের দাবিগুলো হলো, প্রতিটি পুলিশ স্টেশনে কুইক রেসপন্স টিম গঠন, ২৪ ঘণ্টার মধ্যে ধর্ষককে গ্রেপ্তার ও প্রতিটি ধর্ষণের বিচার ২৪ সপ্তাহের মধ্যে করার কথা জানান।
সমাবেশ থেকে শিক্ষক- শিক্ষার্থীরা বলেন, সাম্প্রতিক সময়ে দেশের আইনশৃঙ্খলা ভেঙ্গে পরেছে, বিশেষ করে নারীর প্রতি সহিংসতা ও ধর্ষণের মতো অমানবিক ঘটনা বেড়েই চলছে। আমরা এর কোন প্রতিকার পাচ্ছি না। তাই ছাত্র-শিক্ষকরা মিলে নারীর প্রতি সহিংসতা ও ধর্ষণের প্রতিবাদে আমরা রাজপথে নেমে এসেছি।
বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের প্রধান প্রফেসর এহেতাশেমুল হক হিতেন বলেন, সারা দেশে আমাদের মা-বোনদের ওপর যে নিপীড়ন হচ্ছে তার প্রতিবাদে আমরা রাস্তায় নেমেছি। আমরা সরকারকে এই আওয়াজটা দিতে চাই আপনারা রেপিস্টদের বিরুদ্ধে এখনই সিরিয়াস হন।
