বাংলাদেশ-পাকিস্তান বাড়তি সিরিজ হচ্ছে জুলাইয়ে

আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০২৫, ০৮:২৭ পিএম

চ্যাম্পিয়নস ট্রফিতে বাংলাদেশের পথচলা থেমে গিয়েছে দ্বিতীয় ম্যাচে হেরেই। ফেব্রুয়ারি পাকিস্তানের বিপক্ষে নিয়মরক্ষার শেষ ম্যাচটি খেলেই দেশের উদ্দেশে উড়াল দেবেন শান্তরা। তবে দুবাইয়ে অবস্থানরত বিসিবি-পিসিবি সভাপতি পর্যায়ের বৈঠক থেকে ভেসে আসা খবর অনুযায়ী আগামী জুলাই মাসে বাংলাদেশ সফরে আসার জোরালো সম্ভাবনা রয়েছে পাকিস্তানের।

এফটিপি অনুযায়ী চ্যাম্পিয়নস ট্রফি শেষে মার্চ-এপ্রিলে বাংলাদেশ সফরে আসবে জিম্বাবুয়ে। এরপর বাংলাদেশের পরবর্তী সফরের গন্তব্য পাকিস্তান। মে মাসের শেষে তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি খেলতে আবার পাকিস্তানে যাবে বাংলাদেশ। তার জুন-জুলাইতে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে শ্রীলঙ্কা সফরে যাবে বাংলাদেশ। আর এশিয়া কাপের আগে আগস্টে ভারত আসবে বাংলাদেশ সফরে। এই দুই সিরিজের মধ্যবর্তী সময়ে পাকিস্তান বাংলাদেশে তিন ম্যাচ করে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলতে প্রাথমিক সম্মত হয়েছে বলে জানিয়েছেন বিসিবি প্রধান ফারুক আহমেদ।

বিসিবির ক্রিকেট অপারেশনসের কর্মকর্তা শাহরিয়ান নাফীসও গণমাধ্যমে বলেছেন একই কথা, ‘বিসিবি ও পিসিবি এই বিষয়ে আলোচনা করছে। এই মুহূর্তে দুপক্ষই এই সিরিজ খেলার ব্যাপারে ইতিবাচক।’ মূলত এশিয়ান ক্রিকেট কাউন্সিলের ভবিষ্যত নেতৃত্বে আসার কথা রয়েছে পিসিবি সভাপতি মহসিন নাকভির। এ ব্যাপারে দুবাইয়ে নিজেদের মধ্যে বৈঠক করেন দুই বোর্ডের সভাপতি।  

×
সর্বশেষ সর্বাধিক পঠিত