ভারতের আপত্তির মুখে এবারের চ্যাম্পিয়নস ট্রফি আয়োজিত হচ্ছে হাইব্রিড মডেলে। রাজনৈতিক বৈরিতার কারণে পাকিস্তানের মাটিতে গিয়ে খেলতে নারাজ ছিল ভারত। তাই ভারতের ম্যাচগুলো হচ্ছে দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। এটাকেই বাড়তি সুবিধা বলে মনে করছেন ইংল্যান্ডের সাবেক দুই অধিনায়ক নাসের হুসেইন আর মাইকেল আথারটন।
বাংলাদেশ ও পাকিস্তানকে হারিয়ে ইতোমধ্যেই সেমি-ফাইনালে পৌঁছে গেছে রোহিত শর্মার দল। স্কাই স্পোর্টস পডকাস্টে নাসের হুসেইনের সঙ্গে আলোচনায় আথারটন বলেন, ‘দুবাইয়ে খেলাটা ভারতের জন্য বিশেষ সুবিধা। শুধু কি তাই? আসলে আমার কাছে সুবিধার পরিমাপ করা কঠিন, তবে নিঃসন্দেহে এটা সুবিধা। তারা স্রেফ একটি ভেন্যুতে খেলছে। তাদের এক ভেন্যু থেকে অন্য ভেন্যুতে বা এক দেশ থেকে অন্য দেশে ভ্রমণ করতে হচ্ছে না, অন্যান্য অনেক দলের তা করতে হচ্ছে।’
নিজের বক্তব্যের ব্যাখ্যা করে আথারটন আরও বলেন, ‘এই সুবিধার কারণে দল নির্বাচনের জন্য তারা পুরোপুরি দুবাইয়ের কন্ডিশন নিয়েই ভাবতে পারছে। তারা যখন সেমি-ফাইনাল খেলবে, তারা জানে যে কোথায় খেলবে। আমার কাছে এটা অনস্বীকার্য সুবিধা বলে মনে হচ্ছে। তবে, কত বড় সুবিধা তা মাপা একটু কঠিন।’
আথারটনের এই বক্তব্যের প্রতি সমর্থন জানিয়ে নাসের হুসেইন বলেন, ‘এটা অবশ্যই একটা সুবিধা। টুর্নামেন্টের সেরা দলের জন্য সেই সুবিধাটা...। একটি টুইট দেখছিলাম যে, আয়োজক দেশ পাকিস্তান হলেও ভারত পাচ্ছে ঘরের মাঠের সুবিধা ভারত একই ভেন্যুতে খেলছে, একই হোটেলে থাকছে। একই ড্রেসিংরুম ব্যবহার করছে। তাদের ভ্রমণ করতে হচ্ছে না। একই উইকেটে খেলা হচ্ছে, তাই দল নির্বাচন করা সহজ।’
ভারতের চ্যাম্পিয়নস ট্রফির স্কোয়াড নিয়ে নাসের হুসেইন বলেন, ‘দল নির্বাচনের সময় ভারত খুব বিচক্ষণতা দেখিয়েছে। তারা হয়তো জানত, দুবাইয়ে উইকেট কেমন হতে যাচ্ছে। এজন্যই ভারত তাদের স্কোয়াডে স্পিনারদের প্রাধান্য দিয়েছে। ভারতীয় মিডিয়ায় কিছুটা বিতর্ক হয়েছিল যে, কেন বাড়তি একজন পেসার নেওয়া হচ্ছে না? কেনই বা স্পিনার এত বেশি? এখন সবাই বুঝতে পারছে কেন এমন দল নির্বাচনের কারণ।’
আফগানিস্তানে মেয়েদের ক্রিকেট দেখতে চান ছেলেদের অধিনায়ক
প্রতিপক্ষ কোচের ঘাড়ে ধরে শাস্তি পেলেন মেসি
জেলে বসেই বাবর-রিজওয়ানদের কঠোর সমালোচনায় ইমরান খান