টাঙ্গাইলের মধুপুরে ট্রাক-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে গফুর মিয়া (৫০) নামে এক অটোরিকশা চালক নিহত হয়েছেন। এ ঘটনায় আরো ৪ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২ টার দিকে টাঙ্গাইল-জামালপুর আঞ্চলিক মহাসড়কের উপজেলার গোলাবাড়ী ব্রিজের কাছে এ ঘটনা ঘটে।
জানা গেছে, দুপুর সাড়ে ১২ টার দিকে গফুর মিয়া অটোরিকশায় যাত্রী নিয়ে মধুপর থেকে ধনবাড়ীর দিকে যাচ্ছিল। পথিমধ্যে গোলাবাড়ী ব্রিজের কাছে পৌঁছালে মধুপুরগামী একটি ট্রাক অটোরিকশাটিকে ধাক্কা দেয়। এতে নিয়ন্ত্রণ হারিয়ে অটোরিকশাটি খাদে পড়ে ৫ জন আহত হয়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক অটোরিকশা চালককে মৃত ঘোষণা করেন।
মধুপুর থানার উপ-পরিদর্শক (এসআই) ফজলুল হক সত্যতা নিশ্চিত করে জানান, এ বিষয়ে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
