ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে একই দিনে একই মাঠে একই সময়ে বিএনপির দুই গ্রুপের সভা আহ্বানকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
এরই মধ্যে গতকাল বৃহস্পতিবার সকালে সভাস্থলের পেছন থেকে অবিস্ফোরিত অবস্থায় তিনটি তাজা ককটেল উদ্ধার করে পুলিশ। এতে উভয় গ্রুপের নেতা-কর্মীদের মধ্যে উত্তেজনা আরও বেড়ে যায়।
আজ শুক্রবার দুপুরে উপজেলার আড়াইসিধা কাদির ভূইয়া উচ্চ বিদ্যালয় মাঠে দুই গ্রুপ সভা আহ্বান করে।
খোঁজ নিয়ে জানা গেছে, বিএনপি ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতে ৩১ দফা বাস্তবায়নে আশুগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে উপজেলার আড়াইসিধা কাদির ভূইয়া উচ্চ বিদ্যালয় মাঠে ২৮ ফেব্রুয়ারি একটি সভা করার অনুমতি চেয়ে গত ১০ ফেব্রুয়ারি জেলা প্রশাসকের কাছে একটি আবেদন করে উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক রাসেল বিপ্লব। আবেদনের অনুলিপি উপজেলা নির্বাহী অফিসার, আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ও আড়াইসিধা কাদির ভূইয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষককে দেওয়া হয়। এই সভায় বিএনপির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও সাবেক এমপি ব্যারিস্টার রুমিন ফারহানা প্রধান অতিথি থাকার কথা রয়েছে।
অন্যদিকে একই স্থানে একই সময়ে ইউনিয়ন বিএনপির কর্মিসভা করার অনুমতি চেয়ে গত ২০ ফেব্রুয়ারি জেলা প্রশাসকের কাছে আরেকটি আবেদন করেন উপজেলা বিএনপির সভাপতি শাহজাহান সিরাজ গ্রুপের নেতা ও আড়াইসিধা ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. বাদল মিয়া। তার আবেদনের অনুলিপিও উপজেলা নির্বাহী অফিসার, আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ও আড়াইসিধা কাদির ভূইয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষককে দেওয়া হয়।
