ভারত বাড়তি সুবিধা পাওয়ায় দক্ষিণ আফ্রিকা দলে অসন্তোষ

আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০২৫, ১২:০২ পিএম

চ্যাম্পিয়নস ট্রফির মাঝপথে ভারতকে ঘিরে বাড়ছে অসন্তোস। একদিন আগেই ইংল্যান্ডের সাবেক অধিনায়ক নাসের হুসেইন বলেছেন, ‘স্বাগতিক পাকিস্তান, কিন্তু ঘরের মাঠের সুবিধাটা পাচ্ছে ভারত’। এরপর থেকে অনেকেই মুখ খুলছেন এ বিষয়ে। এবার দক্ষিণ আফ্রিকার টপ অর্ডার ব্যাটসম্যান রেসি ফন ডার ডুসেন বললেন, ভারত যে বিশেষ সুবিধা পাচ্ছে, সেটা বুঝতে রকেটবিজ্ঞানী হতে হবে না।

ভারতের আপত্তির মুখে এবারের চ্যাম্পিয়নস ট্রফি আয়োজিত হচ্ছে হাইব্রিড মডেলে। রাজনৈতিক বৈরিতার কারণে পাকিস্তানের মাটিতে গিয়ে খেলতে নারাজ ছিল ভারত। তাই ভারতের ম্যাচগুলো হচ্ছে দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। সুতরাং ভারতকে কোনো ভ্রমণ করতে হচ্ছে না। অন্য ভেন্যু নিয়ে ভাবতে হচ্ছে না। দুবাইয়ের কন্ডিশনকে কেন্দ্র করেই তারা স্কোয়াড তৈরি করেছে।

বিষয়টি নিয়ে ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচ সামনে রেখে ডুসেন বলেছেন, ‘এটা নিশ্চিতভাবেই সুবিধা। আমি দেখেছি পাকিস্তান এ নিয়ে মন্তব্য করছে। এটা অবশ্যই একটা সুবিধা। আপনি যদি একটা জায়গায় থাকেন, একই হোটেলে অবস্থান করেন, একই সুবিধা নিয়ে অনুশীলন করেন, একই স্টেডিয়ামে এবং একই উইকেটে খেলেন, সেটা তো অবশ্যই সুবিধা। আমার মনে হয় না এটা বোঝার জন্য রকেটবিজ্ঞানী হতে হবে।’

অবশ্য ডুসেন মনে করেন, এই বাড়তি সুবিধা রোহিত শর্মাদের বাড়তি চাপেও ফেলেছে, ‘এখন এটা তাদের দায়িত্ব যে সুবিধাটাকে ব্যবহার করা। এক অর্থে, এটা তাদের ওপর আরও চাপ তৈরি করে; কারণ, যারাই সেমিফাইনাল কিংবা সম্ভাব্য ফাইনাল খেলবে, তাদের সেখানে যেতে হবে এবং এই কন্ডিশন তাদের জন্য পুরোপুরি অপরিচিত। কিন্তু ভারত এটাতে অভ্যস্ত। তাদের ওপর সবকিছু ঠিকঠাক করার চাপ থাকবে; কারণ, তাদের সবকিছুই জানা আছে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত