শুধু একটি নির্বাচনই দেশ গঠনের সব কিছু নয় : পরওয়ার

আপডেট : ০১ মার্চ ২০২৫, ০৭:৩৩ এএম

জাতীয় সরকারের আগে গণহত্যার বিচার, সংস্কার ও স্থানীয় নির্বাচন অনুষ্ঠানের দাবি জানিয়েছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। গতকাল শুক্রবার রাজবাড়ী শহীদ খুশি রেলওয়ে মাঠে জামায়াতের কর্মী সম্মেলনে এসব কথা বলেন তিনি।

মিয়া গোলাম পরওয়ার বলেন, ‘২ হাজার ছাত্র-জনতার তাজা রক্তের বিনিময়ে আমরা এই স্বাধীনতা পেয়েছি। একটি অন্তর্বর্তী সরকার দেশ চালাচ্ছে। গত ৫৪ বছরে বাংলাদেশের সব কিছু ভঙ্গুর অবস্থায় ফেলা রাখা হয়েছে। সেসব স্থানে সংস্কার করা দরকার। এজন্য বর্তমান সরকারকে সময় দিতে হবে। দেশ পুনর্গঠনের জন্য অনেক কিছু নতুন করে সাজাতে হবে। অনেক আইন নতুন করে বানাতে হবে। শুধু মাত্র একটি নির্বাচনই দেশ গঠনের সব কিছু নয়।’ তিনি বলেন, ‘বর্তমানে সিটি করপোরেশন, পৌরসভা ও উপজেলা পর্যায়ে কোনো জনপ্রতিনিধি নেই। এ কারণে অবকাঠামো নির্মাণ, অগ্রগতি উন্নয়ন ব্যাহত হচ্ছে। রিলিফ, ভিজিডি, কাবিখা ইত্যাদির জন্য জনগণ জনপ্রতিনিধিদের কাছে আসে। কিন্তু তারা এসব সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে।’

 গোলাম পরওয়ার বলেন, ‘অনেকে মনে করেন, নিরপেক্ষভাবে স্থানীয় নির্বাচন হলে চাঁদাবাজ, দুর্নীতিবাজ ও দখলবাজরা জয়ী হতে পারবে না। ফলে তারা যদি কায়দা করে একবার সরকারে যেতে পারে তাহলে কেটেকুটে আবারও পৌরসভা, সিটি করপোরেশন, উপজেলা নিয়ে নেবে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত