চট্টগ্রাম নগরে ফের ছিনতাইকারীদের হামলার শিকার হয়েছেন এক পুলিশ সদস্য। শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) দিবাগত রাতে নগরের পতেঙ্গা আউটার রিং রোডে চেকপোস্টে দায়িত্বরত পুলিশের উপ-পরিদর্শক ইউসুফ আলীকে মারধর করে তার মোবাইল ফোন, মানিব্যাগ ও ওয়াকিটকি ছিনিয়ে নিয়ে যায় হামলাকারীরা।
পরে টহলরত পুলিশ আশপাশের লোকজনের সহযোগিতায় ওই পুলিশ কর্মকর্তাকে উদ্ধার করে। এ ঘটনায় জড়িত দুই যুবককে গ্রেপ্তার করা হয়েছে। তারা হলেন সাইমন (২৭) ও আলী ইমাদ ওরফে তাফসির ইমাদ (২২)। তাদের কাছ থেকে একটি ছুরি ও মোটরসাইকেল জব্দ করা হয়েছে। উদ্ধার করা হয়েছে ছিনিয়ে নেওয়া মোবাইল, মানিব্যাগ ও ওয়াকিটকি।
এ ঘটনায় পতেঙ্গা মডেল থানায় দ্রুত বিচার আইনে একটি মামলা দায়ের হয়েছে বলে জানিয়েছেন নগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (পিআর অ্যান্ড মিডিয়া) মাহমুদা বেগম।
জানা গেছে, হামলার শিকার পুলিশ কর্মকর্তা নিজের পরিচয় দিয়ে সাহায্যের জন্য চিৎকার করলে হামলাকারীরা তাকে ‘ভুয়া পুলিশ’ বলে মব সৃষ্টি করে এবং দুষ্কৃতীদের ঘটনাস্থলে জড়ো করে। খবর পেয়ে সি-বিচ এলাকায় টহলরত পতেঙ্গা থানা পুলিশের একটি দল ও আশপাশের লোকজন গিয়ে ইউসুফ আলীকে উদ্ধার করেন। একই সঙ্গে উত্তেজিত জনতা ‘মব সৃষ্টিকারী’ দুই যুবককে ধরে গণধোলাই দিয়ে পুলিশের কাছে সোপর্দ করে।
এর আগে গত ২৫ ফেব্রুয়ারি দুপুরে বারিক বিল্ডিং এলাকায় চুরির একটি মামলার তদন্তে গেলে ডবলমুরিং থানার উপরিদর্শক জামাল ও নজরুলকে ছুরিকাঘাত করে ছিনতাই গ্রুপের নেতা মনির ও মেহেদীর সহযোগীরা।
মশার উৎপাত থেকে রক্ষার দাবিতে মশারি মিছিল