দেশে ভোটের অধিকার প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত ফ্যাসিবাদবিরোধী আন্দোলনকারীদের ঐক্যবদ্ধ থাকতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু।
শনিবার (১ মার্চ) দুপুরে শেখ রাসেল মিনি স্টেডিয়ামে আয়োজিত আরাফাত রহমান কোকো স্মৃতি সংঘ আয়োজিত টি-টুয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে বক্তব্যকালে তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কনিষ্ঠ ছেলে আরাফাত রহমান কোকো ছিলেন একজন ক্রীড়া সংগঠক। বাংলাদেশের ক্রিকেট আজ সারা বিশ্বে যে সুনাম অর্জন করেছে তাতে তার অবদান রয়েছে। তিনি রাজনীতি করতেন না। তবু ফ্যাসিবাদের নির্যাতন থেকে তিনি রেহাই পাননি।
খেলায় ৩ উইকেটে বিজয় লাভ করে মির্জাপুর লিজেন্ডস। রানার্সআপ হয় মির্জাপুর কিংস। বিজয়ী দল ও রানার্স আপ দলের হাতে পুরস্কার হিসেবে ফ্রিজ তুলে দেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক সাইদ সোহরাব। অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন মির্জাপুর পৌর বিএনপির সভাপতি হযরত আলী মিঞা।
