দ্রব্যমূল্য নানাভাবে নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার। শনিবার বিকেলে টাঙ্গাইলে জেলা প্রাণিসম্পদ দপ্তরের উদ্যোগে আয়োজিত সুলভ মূল্যে দুধ, ডিম ও মাংস বিক্রির উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
উপদেষ্টা ফরিদা আখতার বলেন, বর্তমানে বাজারের যে চাহিদা, এটা কোনোভাবে পূরণ করা সম্ভব না। কিন্তু আমরা এটা করতে পারি, জরুরি প্রয়োজনীয় ডিম, দুধ, মাংসসহ যেগুলো রমজান মাসে বেশি চাহিদা থাকে; সেগুলো কমদামে বিক্রি করে দেখাতে পারি তাহলে ব্যবসায়ীদের কাছে একটা ম্যাসেজ যাবে।
শিক্ষার্থীদের নতুন সংগঠনের বিষয়ে বলেন, জুলাই আন্দোলনে যারা অংশ নিয়েছিলো, যারা নেতৃত্ব দিয়েছিলো তাদের অবদানও তো আমাদের স্বীকার করতেই হবে। তারা একটা নতুন বাংলাদেশ দিয়েছে। রাজনৈতিক যে পরিস্থিতি, তাতে নতুন চিন্তা, নতুন ধারণা আসুক। তাদের যদি কোনো ভুলভ্রান্তি থাকে সেটা দেখা যাবে। এই দল করা এটা ভুল কিছু না। এটা আগামী নির্বাচনের আগে একটা নতুন মাত্রা যোগ করবে।
এ সময় উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত জেলা প্রশাসক আব্দুল্যাহ আল মামুন, পুলিশ সুপার মো. মিজানুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার সোহেল রানা, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদ প্রমুখ।
এসময় গরুর মাংস ৬৫০ টাকা, মুরগির মাংস ২৫০, ডিম ১১৪ টাকা ডজন ও দুধ ৮০ টাকা লিটার দরে বিক্রি করা হয়।
