চ্যাম্পিয়নস ট্রফিতে আজ স্পিনারদের লড়াই

আপডেট : ০২ মার্চ ২০২৫, ১২:১৪ পিএম

আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির ম্যাচে আজ মুখোমুখি দারুণ ছন্দে থাকা ভারত ও নিউজিল্যান্ড। দুবাইয়ে অনুষ্ঠিতব্য ম্যাচটিতে দুই দলের স্পিনারদের লড়াই দেখার একটা সম্ভাবনা তৈরি হয়েছে। কারণ, দুবাইয়ের মাঠে প্রথম ম্যাচ থেকে দাপট দেখিয়েছেন স্পিনারেরা। ধীরগতির উইকেটে ভারতীয় স্পিনারদের মোকাবিলা করতে পারেনি বাংলাদেশ ও পাকিস্তান। আজকের ম্যাচে দুই দলেই দারুণ সব স্পিনার আছেন।

এমনিতে ভারত তাদের সব ম্যাচ দুবাইয়ে খেলছে বিধায় তাদের স্কোয়াডে স্পিনারদের প্রাধান্য আছে। এটা নিয়ে সমালোচনাও হচ্ছে প্রচুর। প্রথম দুই ম্যাচে ভারতের একাদশে এক বিশেষজ্ঞ স্পিনারের পাশাপাশি দুই স্পিনিং অল-রাউন্ডার দেখা গেছে। কুলদীপ যাদব, অক্ষর প্যাটেল ও রবীন্দ্র জাদেজাদের সামলাতে হিমশিম খেতে হয়েছে বাংলাদেশ ও পাকিস্তানি ব্যাটারদের। কিন্তু কিউইদের দমিয়ে রাখা ততটা সহজ হবে না।

এবারের আসরে ভারতের পর সবচেয়ে বেশি স্পিনার আছে নিউজিল্যান্ডের স্কোয়াডে। অধিনায়ক মিচেল স্যান্টনার নিজেই স্পিনার। এছাড়া রাচিন রবীন্দ্রও, গ্লেন ফিলিপস, মাইকেল ব্রেসওয়েলরা তো আছেনই। প্রচণ্ড গরমে দুবাইয়ের উইকেট আরও মন্থর হয়ে গেছে। ফলে প্রথম ১০ ওভারের পর পিচে পেসারদের জন্য কিছু থাকছে না। বল উইকেটে পড়ে ব্যাটে আসার আগে থামছে। ফলে এই মাঠে শট খেলা বেশ কঠিন।

ভারতের জন্য সুবিধা একটাই- তারা শুরু থেকেই এই মাঠে খেলছে। দুবাইয়ের কন্ডিশন তাদের জানা। অন্যদিকে আজ দুবাইয়ে প্রথম ম্যাচ খেলবে নিউজিল্যান্ড। তারা আগের দুই ম্যাচ খেলেছে পাকিস্তানে। তাই দুবাইয়ের উইকেট আর কন্ডিশনের সঙ্গে তাদের মানিয়ে নিতে হবে, যা ভারতীয়রা আগেই করে ফেলেছে। তবে ডেভন কনওয়ে, রবীন্দ্র, কেন উইলিয়ামসন, ড্যারিল মিচেল, টম ল্যাথামেরা স্পিন ভালো খেলেন। পাল্টা আক্রমণে স্পিনারদের এলোমেলো করে দিতে পারেন।

সাম্প্রতিক সময়ে স্পিনের বিপক্ষে ভারতের রেকর্ডও খুব একটা ভালো নয়। লেগ স্পিনে বিরাট কোহলিকে ধুঁকতে দেখা গেছে। শ্রেয়স আয়ার আর লোকেশ রাহুল স্পিন ভালো খেললেও সমস্যা অন্য জায়গায়। কিউইদের চারজনই ফিঙ্গার স্পিনার। তারা একই জায়গায় লাগাতার বল করে যেতে পারেন। তাই সিঙ্গেলস-ডাবলস নিয়ে রানের চাকা ঘোরাতে হয়। কিউইদের ফিল্ডিং যে দুর্দান্ত, তাতে দৌড়ে রান নেওয়াটাও সহজ হবে না ভারতের জন্য।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত